কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহতের শঙ্কা

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দেননি দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি। তিনি পরিস্থিতিকে অত্যন্ত সক্রিয় ও স্পর্শকাতর হিসেবে বর্ণনা করেছেন।

প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কানাডার সশস্ত্র বাহিনী স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, সাম্প্রতিক সময়ে এমন কোনো ঘটনার নজির তার মনে পড়ে না।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই গুরুতর ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সব সাহসী নারী ও পুরুষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ এই অগ্নিকাণ্ডকে একটি ব্যাপক ও মর্মান্তিক ঘটনা হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, প্রদেশটির অনেক সাহসী সামরিক সদস্য এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পরিস্থিতি মোকাবিলায় প্রাদেশিক কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে, যা কানাডার অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণ ঘাঁটি। কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (সিবিসি) তথ্য অনুযায়ী, সরাসরি গোলাবর্ষণ ও অস্ত্রের ব্যবহারসংক্রান্ত প্রশিক্ষণের জন্য এটি দেশটির প্রধান সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। সাধারণত এই ঘাঁটিতে প্রায় ৬৯০ জন সামরিক সদস্য ও ৩০০ জন বেসামরিক কর্মী অবস্থান করেন।

ওয়েনরাইটের মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘাঁটির সীমানাপ্রাচীর পেরিয়ে বাইরে চলে যায়। স্থানীয় প্রশাসন প্রথমবারের মতো শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা সম্পর্কে বার্তা প্রকাশ করে। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলার এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহনকে নির্বিঘ্নে চলাচলের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে।