ভারতের গোয়ালিয়রে শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১২ জন পুণ্যার্থী নিহত হয়েছেন। শীতলা মাতা মন্দিরে যাওয়ার পথে পুলিশের ব্যারিকেড ভেঙে একটি ধানবোঝাই ট্রাক পথচারী পুণ্যার্থীদের চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) ধর্মবীর সিং জানান, রাত দেড়টার দিকে চিননোর দিক থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওই সড়কটিতে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে নিচের দিকে নেমে আসে। ট্রাকটি পুণ্যার্থীদের চাপা দেওয়ার পর মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে গিয়ে ধাক্কা খায়।
ঘটনার পরপরই উদ্ধারকাজে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন পাঠানো হয়। গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহান উদ্ধার তৎপরতা নিশ্চিত করেছেন। পুলিশ সুপার জানান, দুর্ঘটনার পর মোট ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল, যার মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের শরীরের বিভিন্ন স্থানে হাড় ভাঙার মতো গুরুতর আঘাত রয়েছে। এছাড়া দুর্ঘটনাস্থলে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন আছেন।

