দেশে চাহিদার চেয়ে বেশি পরিমাণ বিদেশি ফল আমদানি হলেও বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। গেল বছরের তুলনায় সব ধরনের বিদেশি ফল কেজিপ্রতি অন্তত ১০০ টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা এই অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য উচ্চ শুল্কহার, জাহাজ ভাড়া ও পরিবহন খরচ বৃদ্ধিকে দায়ী করলেও ভোক্তা অধিকার সংস্থা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আঙুল তুলছে সরকারের দুর্বল বাজার ব্যবস্থাপনার দিকে। বিদেশি ফলের চড়া দামের কারণে দেশি ফলের বাজারও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে বলে দাবি সংস্থাটির।
পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে বিদেশি ফলের বাৎসরিক চাহিদা ৫ লাখ ২০ হাজার থেকে ৫ লাখ ৪০ হাজার টন, যা মাসে গড়ে ৪৫ হাজার টনের কাছাকাছি। গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৩৮ হাজার টন আপেল, আঙ্গুর, মাল্টা ও কমলা আমদানি করা হয়েছিল। অন্যদিকে, চলতি বছরের প্রথম ৯ মাসে দেশে আমদানি হয়েছে ৪ লাখ ১২ হাজার টন ফল। অথচ এই ৯ মাসে স্বাভাবিক চাহিদা ছিল সর্বোচ্চ ৪ লাখ ৫ হাজার টন। ফলে চাহিদা অনুযায়ী সরবরাহে কোনো ঘাটতি নেই।
চট্টগ্রামের বৃহৎ পাইকারি ফলবাজার ফলমণ্ডীতে গিয়ে দেখা যায়, গুদাম ও দোকানগুলোতে বিদেশি ফলের প্রচুর মজুত রয়েছে। তবে পাইকারি পর্যায় থেকেই চড়া দামে বিক্রি হচ্ছে এসব ফল। গত বৃহস্পতিবার ফলমণ্ডীতে সাড়ে ৬ কেজির এক ক্যারেট আঙ্গুর প্রকারভেদে ১,৯০০ থেকে ২,১০০ টাকায় এবং ২৪ কেজির এক ক্যারেট আপেল ৫,৩০০ থেকে ৫,৫০০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া ২২০ পিসের প্রতি ক্যারেট কমলা ৪,০০০ টাকা এবং ১৫ কেজির মাল্টার ক্যারেট ৪,৬০০ টাকায় হাতবদল হয়েছে। পাইকারিতে ভালো মানের বড় দানার আনার বিক্রি হয়েছে প্রতি কেজি ৪০০ টাকায়।
পাইকারি বাজারের উচ্চ মূল্যের প্রভাবে খুচরা বাজারে ফলের দাম আরও লাগামহীন হয়ে পড়েছে। ফলমণ্ডী থেকে কয়েকশ মিটার দূরের রেয়াজউদ্দিন বাজারে কেজিপ্রতি অন্তত ৫০ টাকা বাড়তি দরে ফল বিক্রি হচ্ছে। আবার দুই কিলোমিটার দূরের কাজির দেউড়ি কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, পাইকারিতে যে আঙ্গুর ৩২৪ টাকা কেজি, তা সেখানে বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। একইভাবে ফলমণ্ডীর ২৩০ টাকার আপেল কাজির দেউড়িতে ৩৮০ টাকা, ৩০০ টাকার মাল্টা ৩৭০ টাকা এবং ২৮০ টাকার কমলা ৩৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
নগরীর ২ নম্বর গেট কর্ণফুলী কাঁচাবাজারের ফল বিক্রেতা আবুল হাশেম জানান, ফলমণ্ডী থেকে ফল কিনে পরিবহন ও অন্যান্য খরচ যুক্ত করার পর ১৫-২০ শতাংশ লাভ ধরে তারা দর নির্ধারণ করতেন। কিন্তু এখন ১০ শতাংশ লাভ করতেও বিবেকে বাধে, কারণ পাইকারি বাজারেই দাম অস্বাভাবিক চড়া। দাম শুনে অনেক ক্রেতাই না কিনে ফিরে যাচ্ছেন। দুই মাস আগেও বাজার নিয়ন্ত্রণে থাকলেও এখন আর তা নেই এবং শিগগির দাম কমারও সুযোগ দেখছেন না তিনি।
আমদানিকৃত ফলের একটি বড় অংশ চট্টগ্রাম বন্দর দিয়ে রেফার কনটেইনারে দেশে আসে। চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে ১,২০০ কোটি টাকা মূল্যের ১ লাখ ৩৭ হাজার টন আপেল, ৯৫৬ কোটি টাকা মূল্যের ১ লাখ ৭ হাজার টন কমলা, ৭২৭ কোটি টাকা মূল্যের ৬৯ হাজার টন আঙ্গুর, ৫৭২ কোটি টাকা মূল্যের ৬৫ হাজার ৫৮৫ টন মেন্ডারিন এবং ৩৩৮ কোটি টাকা মূল্যের ৩৩ হাজার ৭৪০ টন অন্যান্য ফল খালাস হয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউজের মুখপাত্র ও সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন জানান, আমদানি করা প্রতি কেজি ফলের ভিত্তিমূল্য ৮০ সেন্ট ধরে ১২২ শতাংশ শুল্ক-কর বা টোটাল ট্যাক্স ইন্সিডেন্ট (টিটিআই) নির্ধারণ করা হয়। এর মধ্যে রয়েছে ২৫ শতাংশ কাস্টম ডিউটি, ২০ শতাংশ রেগুলেটরি ডিউটি, ৩০ শতাংশ সাপ্লিমেন্টারি ডিউটি, ১৫ শতাংশ ভ্যাট এবং ৫ শতাংশ এআইটি। ফলে আমদানিকারককে ১০০ টাকার ফল বাংলাদেশে আনতে অতিরিক্ত ১২২ টাকা শুল্ক দিতে হচ্ছে। এর সঙ্গে জাহাজ ও ফ্রিজিং কনটেইনার ভাড়া যোগ হয়ে দেশে পৌঁছানো পর্যন্ত ১০০ টাকার ফলের খরচ পড়ে প্রায় ২৪০ টাকা।
চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম জানান, ফলের বাজারে এই বাড়তি দর ২০২৩ সাল থেকেই চলে আসছে। আগে যে ফলে ৩০ টাকা ট্যাক্স ছিল, তা বেড়ে ১১০ টাকা হয়েছে; আর ৪৫ টাকার ট্যাক্স বেড়ে হয়েছে ১৪৫ টাকা। এর বাইরে দক্ষিণ আফ্রিকা থেকে আসা জাহাজের রুট যুদ্ধের কারণে পরিবর্তন হওয়ায় সিঙ্গাপুরের পরিবর্তে মালয়েশিয়া ট্রানজিট ব্যবহার করতে হচ্ছে। ফলে সাপ্লাই চেইনে ব্যাঘাত ঘটে খরচ আরও বেড়েছে। তবে চলতি মাসের শেষে একাধিক জাহাজ একসঙ্গে পৌঁছালে বাজারে ফল সরবরাহ বেড়ে যাবে এবং পচনশীল পণ্য হওয়ায় দাম অস্বাভাবিকভাবে কমে আমদানিকারকেরা লোকসানেও পড়তে পারেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাব মতে, ২০২৫ সালে দেশে মোট ৫ লাখ ৩৮ হাজার টন ফল আমদানি হয়, যার মোট মূল্য ছিল ৪,৯৬৫ কোটি টাকা এবং তা থেকে রাজস্ব আদায় হয়েছিল ৫,৪৫৮ কোটি টাকা। অন্যদিকে, চলতি বছরের প্রথম ৯ মাসে ৩,৭৯৯ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১২ হাজার টন ফল আমদানি করে ৪,৩০০ কোটি টাকা রাজস্ব পেয়েছে সরকার। এসব ফল মূলত দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, চীন, ভারত, থাইল্যান্ড ও মিসর থেকে বাংলাদেশে আনা হয়ে থাকে।
চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি ফলবাজার ফলমণ্ডী। এখান থেকেই ফলের চালান পাঠানো হয় দেশের বিভিন্ন এলাকায়। গত বৃহস্পতিবার এ বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি দোকান ও গুদাম সব ধরনের বিদেশি ফলে ভর্তি। ধুম বেচাকেনা চলছে সবগুলো দোকানে। এদিন সাড়ে ছয় কেজির এক ক্যারেট আঙ্গুর বিক্রি হয়েছে প্রকারভেদে ১৯০০-২১০০ টাকার মধ্যে। ২৪ কেজির এক ক্যারেট আপেল বিক্রি হয়েছে ৫৩০০-৫৫০০ টাকায়। ২২০ পিচের এক ক্যারেট কমলা বিক্রি হয়েছে চার হাজার টাকায়। ১৫ কেজির এক ক্যারেট মাল্টার দাম ছিল ৪৬০০ টাকা। পাইকারিতে ওইদিন বড় দানার প্রতিকেজি আনার বিক্রি হয়েছে ৪০০ টাকা।

