নেতানিয়াহুকে হটাতে ইসরায়েলের পাঁচ বিরোধী নেতার অনাক্রমণ চুক্তি

ইসরায়েলের আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একজোটে মাঠে নেমেছেন দেশটির পাঁচ প্রধান বিরোধী নেতা। গত ২৬ সেপ্টেম্বর তেল আবিবে বিরোধী নেতা ইয়ার লাপিদের বাসভবনে আয়োজিত এক বৈঠকে তারা একটি অনাক্রমণ চুক্তিতে সই করেন। নিজেদের মধ্যে আদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও একটি ইহুদিবাদী ও দায়িত্বশীল সরকার গঠন এবং দেশ পুনর্গঠনের যৌথ অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।

ওই বৈঠকে লাপিদ ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট, ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান এবং ইসরায়েল বেইতেনু পার্টির শীর্ষ নেতা আভিগদর লিবারম্যান। যৌথভাবে বিকল্প সরকার গঠনের উদ্যোগে নীতিগতভাবে একমত হলেও গাজা যুদ্ধ, ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও আঞ্চলিক সামরিক অভিযানের মতো স্পর্শকাতর বিষয়ে এসব নেতাদের অবস্থানে এখনও বড় ধরনের বিভাজন রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুকে সরানোর বিষয়ে তাদের ঐকমত্য থাকলেও নীতিগত জায়গায় বড় কোনো পরিবর্তনের বার্তা নেই। ডেমোক্র্যাটস পার্টির নেতা গোলান ব্যতীত অন্য সব নেতাই মূলত ডানপন্থী রাজনীতির অনুসারী। ইয়ার গোলানের দল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে একটি দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে দেখলে বাকিদের কেউ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেওয়ার স্পষ্ট অঙ্গীকার করেননি। এমনকি গাজায় ইসরায়েলি সেনার সামরিক অভিযানকে এরা কেউই যুদ্ধাপরাধ বা গণহত্যা বলে স্বীকার করেননি।

জোটের নেতাদের মধ্যে ৬৬ বছর বয়সী সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান ছিলেন। ২০২২ সালে রাজনীতিতে পা রেখে তিনি নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় যোগ দেন। তবে যুদ্ধের সুনির্দিষ্ট কৌশল না থাকার অভিযোগে ২০২৪ সালের জুনে বেনি গান্তজের সঙ্গে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে ‘ইয়াশার’ নামে নতুন দল গঠনকারী আইজেনকোট সর্বজনীন সামরিক নিয়োগ, একটি পেশাদার সরকার এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের ওপর জোর দিচ্ছেন।

এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের দীর্ঘদিনের সমর্থক ৫৪ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি ৬২ বছর বয়সী ইয়ার লাপিদের সঙ্গে মিলে ‘বেইয়াখাদ’ জোট গঠন করেছেন। বেনেট ও লাপিদ উভয়েই ফিলিস্তিন রাষ্ট্র গঠনকে কোনো অগ্রাধিকার দিতে চান না। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং প্রতিবেশী দেশগুলোতে সামরিক আগ্রাসনের ক্ষেত্রে বেনেট অত্যন্ত কঠোর অবস্থানের পক্ষে।

বিরোধী শিবিরের সবচেয়ে কট্টর ডানপন্থী নেতা হিসেবে পরিচিত ৬৮ বছর বয়সী আভিগদর লিবারম্যান। অতীতে গাজার বেসামরিক মানুষদের সুরক্ষা নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়া এই নেতা নেতানিয়াহুর অধীনে কাজ করা কিংবা আরব দলগুলোর সমর্থনে সরকার গড়ার বিরোধিতা করে আসছেন। অন্যদিকে ৬৪ বছর বয়সী সাবেক সেনাকর্তা ইয়ার গোলান ইসরায়েলি রাজনীতিতে বামপন্থীদের প্রতিনিধি। গোলান গাজায় সামরিক সাফল্যের স্থায়ীত্বে রাজনৈতিক ও কূটনৈতিক পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা বলেছেন এবং ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে আলোচনার পক্ষে মত দিয়েছেন। তবে আরব দল ‘বালাদ’-এর নেতা সামি আবু শেহাদেহকে নির্বাচনে অযোগ্য করার পক্ষে সমর্থন জানিয়ে তিনিও সমালোচিত হয়েছেন।

ইসরায়েলি বিশ্লেষক আহরন ব্রেগম্যানের পর্যবেক্ষণ অনুযায়ী, বিরোধী নেতারা নেতানিয়াহুর দুর্নীতির অভিযোগ এবং কট্টর ডানপন্থীদের ওপর অতি-নির্ভরশীলতা থেকে দূরত্ব বজায় রাখতে চাইছেন। কিন্তু ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকারের মতো মৌলিক জায়গায় তাদের দৃষ্টিভঙ্গি অনেকটাই এক। লিবারম্যান ও গোলানের মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও নেতানিয়াহুবিরোধী জোট গঠনে তাদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। তবে অক্টোবরের নির্বাচনের পর কে সরকারপ্রধান হবেন এবং জোটের ঐক্য কতটা টিকে থাকবে, তা এখনও অস্পষ্ট।