কালীগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবনের অভিযোগে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ অক্টোবর) উপজেলাজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে এই দণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

দণ্ডপ্রাপ্তরা হলেন বক্তারপুর ইউনিয়নের মাঝুখান গ্রামের মো. রাব্বি (২৬), ফুলদি গ্রামের মোতালিব (২৮) এবং জামালপুর ইউনিয়নের কলাপাতুয়া গ্রামের আসিফ (২০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাব্বিকে ১৫ দিন, মোতালিবকে দুই মাস এবং আসিফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালতের নির্দেশে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।

একই দিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাসাইর বাজার, জামালপুর, কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এবং বক্তারপুর ইউনিয়নের ফুলদি এলাকায় বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এই অভিযানগুলোতে মোট পাঁচটি মামলায় ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও হালনাগাদ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় একটি হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং খাদ্য উৎপাদনে অনিয়মের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মাদকের অপব্যবহার রোধ ও আইনবিরোধী কর্মকাণ্ড দমনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।