আজিমপুর সরকারি কোয়ার্টারে অপরিচ্ছন্নতা, পরিষ্কারে ২ সপ্তাহের সময় দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরো এলাকাটি দ্রুত পরিষ্কার করে বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন তিনি। শনিবার ওই কোয়ার্টারে আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ কঠোর নির্দেশ দেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী আজিমপুর কোয়ার্টারের বিভিন্ন এলাকা, ভেতরের চলাচলের পথ এবং আশপাশের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় পরিচ্ছন্নতার চরম ঘাটতি চোখে পড়লে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এর কারণ জানতে চান। একই সঙ্গে কোয়ার্টারের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনার ঘাটতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে আগামী দুই সপ্তাহের মধ্যে দৃশ্যমান উন্নতি নিশ্চিত করার নির্দেশ দেন।

পরিদর্শনের সময় কোয়ার্টারে বসবাসরত বাসিন্দারা অপরিচ্ছন্ন পরিবেশ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সরাসরি নানা অভিযোগ তুলে ধরেন। আবাসিক এলাকার পরিবেশ উন্নয়ন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রধানমন্ত্রীর কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। প্রধানমন্ত্রী বাসিন্দাদের প্রতিটি অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনের একপর্যায়ে কোয়ার্টারে বসবাসকারী শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।