কক্সবাজারের উখিয়ার ইনানীতে অবস্থিত টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানে সর্বশেষ রিসোর্টটির টয়লেটের ভেতর থেকে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে দশটি মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধারকর্মীদের ধারণা, আগুনের তীব্রতা থেকে বাঁচতে তারা টয়লেটে পানি ঢেলে আত্মরক্ষার চেষ্টা করেছিলেন। এ ঘটনায় আহত আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সূত্রপাত শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত এই রিসোর্টে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। শুরুতে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, পরে আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা সবাই পর্যটক ছিলেন। তবে রিসোর্টে অবস্থানরত সব পর্যটকের বিষয়ে নিশ্চিত তথ্য পেতে খোঁজখবর নেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাঠের তৈরি টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে মোট নয়টি কক্ষ ছিল। শুক্রবার রাতে তিনটি কক্ষের পর্যটকরা চেকআউট করে চলে যান। বাকি ছয়টি কক্ষে ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন। তাদের মধ্যে কয়েকজন শনিবার সকালে বিভিন্ন কাজে রিসোর্টের বাইরে ছিলেন। আগুন লাগার পর রিসোর্টে থাকা পর্যটকদের উদ্ধারে তৎপরতা চালানো হলেও সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, তা নিয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। উখিয়া থানার ওসি আতিকুর রহমান জানিয়েছেন, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

