বিশ্বের অন্যতম ভয়াবহ হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এখন লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। টিকাদানের ঘাটতি, দুর্বল তথ্যব্যবস্থা এবং দেশের সব মানুষের কাছে স্বাস্থ্যসেবা না পৌঁছানোর কারণে এই সংকট দিন দিন গভীর হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, টিকাদানের হার কমে গেলে কতটা প্রাণঘাতী পরিস্থিতি সৃষ্টি হতে পারে, বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপট তার স্পষ্ট উদাহরণ। বিশ্বের অন্যান্য দেশের জন্যও এটি একটি বড় সতর্কবার্তা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশের নিয়মিত টিকাদান কর্মসূচিতে বড় ধরনের ছন্দপতন ঘটে। চলতি বছরের মার্চের মাঝামাঝি সময়ে রোগটির প্রাদুর্ভাব শুরুর পর থেকে ৯ অক্টোবর পর্যন্ত প্রায় ২ লাখ ২ হাজার মানুষের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ২২ হাজার জনের শরীরে নিশ্চিতভাবে হাম ধরা পড়ে। এ বছর বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বাংলাদেশেই উপসর্গযুক্ত হামের রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।
সংক্রামক এই রোগে দেশে এ পর্যন্ত ১ হাজার ১৪৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ডব্লিউএইচও। সরকারি হিসাব ও প্রাপ্ত তথ্যে দেখা গেছে, এই প্রাণহানির ৯৪ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু। রোগ ছড়ানো রোধে যেখানে টিকাদানের হার অন্তত ৯৫ শতাংশ থাকা প্রয়োজন, সেখানে সাম্প্রতিক বছরগুলোতে এই লক্ষ্যের কাছাকাছি পৌঁছালেও ২০২৫ সালে দেশে টিকাদানের হার উল্লেখযোগ্যভাবে নিচে নেমে আসে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ডব্লিউএইচওর একাধিক নথি পর্যালোচনা এবং এক ডজনেরও বেশি বিজ্ঞানী, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীর সাক্ষাৎকার নিয়ে নিশ্চিত হয়েছে যে, জরুরি এই সংকট মোকাবিলায় বাংলাদেশ বড় ধরনের ব্যবস্থার ঘাটতিতে পড়েছিল। এর মধ্যে লাখ লাখ শিশুর তথ্যের অনুপস্থিতি, অপর্যাপ্ত প্রস্তুতি এবং অধিকাংশ অভিভাবকের কাছে বার্তা না পৌঁছানোর মতো বিষয় প্রধান কারণ ছিল।
নিউইয়র্ক বিশ্ববিদালয়ের স্কুল অব গ্লোবাল পাবলিক হেলথের অধ্যাপক এবং ডব্লিউএইচওর টিকা উপদেষ্টা মার্ক জিট বলেন, এটি সব দেশের জন্য এক বাস্তব সতর্কবার্তা। তিনি উল্লেখ করেন, প্রাদুর্ভাব শুরু হওয়ার পর জরুরি পদক্ষেপ দিয়ে হয়তো রোগ থামানো সম্ভব, কিন্তু তত দিনে বহু মানুষ আক্রান্ত হবে এবং মারা যাবে। জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার চেয়ে আগে থেকে টিকাদান অব্যাহত রাখা অনেক বেশি সহজ, নিরাপদ ও সাশ্রয়ী।
রাজনৈতিক পট পরিবর্তনের পর সৃষ্ট অস্থিরতাও এই স্বাস্থ্য সংকটে প্রভাব ফেলেছে। ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের ১৬ বছরের শাসনের অবসান ঘটে। ওই সময়ে রাজনৈতিক অনিশ্চয়তা, স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট, টিকা কেনার আদেশে বিলম্ব এবং নিয়মিত টিকাদানের পরবর্তী কার্যক্রমে ব্যাঘাত ঘটে। ডব্লিউএইচও ও ইউনিসেফের জুলাই প্রতিবেদনে উঠে আসে, ২০২৪ সালে বাংলাদেশে হামের প্রথম ডোজের হার ৯৬ শতাংশ ও দ্বিতীয় ডোজ ৯৩ শতাংশ থাকলেও ২০২৫ সালে তা কমে যথাক্রমে ৯০ শতাংশ ও ৮৬ শতাংশে নামে। এই হার গোষ্ঠীগত প্রতিরোধক্ষমতা (হার্ড ইমিউনিটি) তৈরির ৯৫ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে বেশ কম। একই সঙ্গে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত টিকাদানের সরকারি তথ্যের গুণগত মান নিয়েও প্রশ্ন তুলেছে ডব্লিউএইচও ও ইউনিসেফ, কারণ বেশ কিছু স্থানে লক্ষ্যমাত্রার শতভাগের বেশি টিকা দেওয়া হয়েছে বলে ভুল হিসাব দেখানো হয়েছিল।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার গত সেপ্টেম্বরে জানিয়েছিলেন, প্রাদুর্ভাব ঠেকাতে সরকার সাধ্যমতো চেষ্টা চালাচ্ছে। তবে পরবর্তীতে রয়টার্সের পাঠানো বাড়তি প্রশ্নের জবাব মেলেনি। এপ্রিল ও মে মাসে জরুরি টিকাদানের আওতায় প্রায় ২ কোটি শিশুকে টিকা দেওয়ার পর প্রাথমিক অবস্থায় রোগী কমলেও জুন মাসে নিয়মিত স্বাস্থ্য কর্মসূচির তালিকায় জরুরি কর্মসূচির চেয়ে ৪০ লাখ বেশি শিশুর নাম পাওয়া যায়। গত ১৪ সেপ্টেম্বর জিয়াউদ্দিন হায়দার ঘাটতির কথা স্বীকার করে জানান, অসুস্থতা কিংবা অনীহার কারণে অনেকে বাদ পড়ে থাকতে পারে।
সরকার ও সহযোগী সংস্থাগুলোর গোপন নথি পর্যালোচনা করে জানা গেছে, সময় বাঁচাতে স্বাভাবিক চার দফার বদলে মাত্র এক দফা প্রস্তুতি যাচাই করে এপ্রিলে দ্রুত জরুরি টিকাদান শুরু করা হয়। ২০১৭ সাল পর্যন্ত টিকাদান কর্মসূচির দায়িত্বে থাকা তাজুল ইসলাম আবদুল বারী জানান, এ ধরনের কর্মসূচিতে কয়েক মাসের পরিকল্পনা লাগে, কিন্তু তৎকালীন কর্মসূচি মাত্র চার সপ্তাহে চালু হয়। মহামারিবিদ ও বাংলাদেশের হাম-রুবেলা নির্মূলবিষয়ক জাতীয় যাচাই কমিটির চেয়ারম্যান অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, প্রস্তুতিতে ঘাটতি থাকলে সবচেয়ে দরিদ্র ও দুর্গম অঞ্চলের শিশুরা বাদ পড়ে এবং তারাই সবচেয়ে বড় মূল্য দেয়। এমনকি আগস্টের বৈঠকে দেখা যায়, আক্রান্তদের মধ্যে টিকা না পাওয়া শিশুর হার আগে ৮২ শতাংশ থাকলেও কর্মসূচির পর তা ৮৫ শতাংশে উন্নীত হয়, যা টিকাদানের দুর্বলতাকেই স্পষ্ট করে।
মাঠপর্যায়ে এই অব্যবস্থাপনার ফল ভুগছে সাধারণ পরিবারগুলো। সিলেটের উত্তর-পূর্বাঞ্চলে সরকারি হিসাবেই হামে ১৮০ শিশুর মৃত্যু হয়েছে। সেখানকার দুই বছর বয়সী শিশু আরমান হোসেন গত জুলাইয়ে টিকাহীন অবস্থায় মারা যায়। তার বাবা ২৬ বছর বয়সী আমিন মিয়া ছেলের চিকিৎসার জন্য ব্যাটারিচালিত রিকশা বিক্রি করলেও হাসপাতালে ভর্তির ২৪ ঘণ্টার মধ্যে শিশুটির মৃত্যু হয়। আমিন মিয়া বলেন, তাঁদের দুর্গম গ্রামে কোনো স্বাস্থ্যকর্মী যাননি, ছেলে দাফন হওয়ার পরই কেবল তাঁরা এসেছিলেন। একই অঞ্চলের ছাতকে গত জুনে ৯ মাসের শিশু লাবিবা আক্তার মারা যায়। এপ্রিল মাসে টিকার সর্বনিম্ন বয়সসীমা ৯ মাস থেকে কমিয়ে ৬ মাস করা হলেও লাবিবার কাঠমিস্ত্রি বাবা হুমায়ুন রশিদ জানান, টিকাদানের কোনো তথ্য তাঁদের জানানো হয়নি। রয়টার্সের এক জরিপে সিলেটে সাক্ষাৎকার দেওয়া ১৬টি পরিবারের মধ্যে ৮টি পরিবারই জানায়, তারা কোনো স্বাস্থ্যকর্মীকে আসতে দেখেনি।
পরিস্থিতি সামাল দিতে সেপ্টেম্বরের শেষ দিকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গ্রামীণ জনগণকে সম্পৃক্ত করে সব শিশুকে টিকার আওতায় আনা হবে। তবে ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে দেশের ৪০ শতাংশ শিশুর জন্ম নিবন্ধন না থাকা এবং স্বাস্থ্য বিভাগের এক-তৃতীয়াংশ পদ খালি থাকায় চ্যালেঞ্জ রয়েই গেছে। এছাড়া বিশেষজ্ঞরা সরকারের প্রতি পাঁচ বছরের বেশি বয়সী শিশুদেরও টিকাদানের আওতায় আনার পরামর্শ দিয়েছেন, কারণ মোট হাম রোগীর এক-তৃতীয়াংশই এই বয়সসীমার। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকেও টিকার বিষয়ে সতর্ক করে পাঁচটি চিঠি পাঠানো হয়েছিল।

