মেক্সিকোতে পর্যটক হত্যায় ৩ জনের ১৫৮ বছর করে কারাদণ্ড

মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে সার্ফিং করতে আসা দুই অস্ট্রেলীয় ভাই ও তাদের এক মার্কিন বন্ধুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তিন মেক্সিকান নাগরিককে ১৫৮ বছর ৯ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। উপকূলীয় শহর এনসেনাদার একটি আদালত শুক্রবার এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন হেসুস গেরার্দো গার্সিয়া (যিনি ‘এল কেকাস’ নামে পরিচিত), ইরিনেও ফ্রান্সিসকো ‘এন’ এবং অ্যাঞ্জেল হেসুস ‘এন’।

হত্যাকাণ্ডের শিকার হওয়া দুই অস্ট্রেলীয় ভাই হলেন ৩৩ বছর বয়সী ক্যালাম রবিনসন ও ৩০ বছর বয়সী জেক রবিনসন। তাদের সঙ্গে থাকা ৩০ বছর বয়সী মার্কিন নাগরিক জ্যাক কার্টার রোডও প্রাণ হারান। ২০২৪ সালের এপ্রিল মাসের শেষের দিকে তারা সার্ফিং করার উদ্দেশ্যে এনসেনাদার কাছে পুন্তা সান হোসে এলাকায় গিয়েছিলেন। সেখানে ২৭ এপ্রিল রাতে তাঁবু খাটিয়ে অবস্থান করছিলেন তারা।

কয়েক দিন তাদের কোনো খোঁজ না পাওয়ায় তল্লাশি অভিযান শুরু করা হয়, যাতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই অংশ নেয়। অনুসন্ধানের পর ৩ মে ১৫ মিটারের বেশি গভীর একটি পরিত্যক্ত কূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের সবার মাথায় গুলির ক্ষত ছিল। এ ঘটনায় হত্যা, সহিংসতার মাধ্যমে ডাকাতি এবং সহিংসতার মাধ্যমে গাড়ি চুরির অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার এক সপ্তাহ পর আসামিদের বিরুদ্ধে শাস্তির মেয়াদ নির্ধারণ করলেন আদালত।

মামলায় মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল তিন আসামির প্রত্যেকের জন্য ২১০ বছরের কারাদণ্ড দাবি করলেও আদালত প্রত্যেককে ১৫৮ বছর ৯ মাসের দণ্ড প্রদান করেন। রায়ের প্রতিক্রিয়া জানিয়ে স্থানীয় সার্ফারদের সংগঠনের সভাপতি আন্তোনিও ওতানেজ বলেন, এর মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় বিশেষ করে সার্ফিং করতে আসা পর্যটকদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে বলে জানান তিনি। এর আগে নিহতদের বাবা মার্টিন রবিনসন গত সপ্তাহে প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, এই দোষী সাব্যস্তকরণের রায়টি তার দুই ছেলে ও তাদের বন্ধুর জন্য ন্যায়বিচার পাওয়ার দীর্ঘ ও কষ্টদায়ক পথের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ।