পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাই লুটের অনুমতি দিলেন ইহুদি ধর্মগুরু

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমিতে উৎপাদিত জলপাই ফসল লুটের অনুমতি দিয়ে বিতর্কিত এক ধর্মীয় ফতোয়া জারি করেছেন প্রভাবশালী ইসরাইলি রাবি ডভ লিওর। এই ইহুদি ধর্মগুরুর দাবি, ফিলিস্তিনিদের জমি থেকে জলপাই সংগ্রহের মাধ্যমে উক্ত ভূখণ্ডের ওপর ইহুদিদের প্রকৃত মালিকানা সাব্যস্ত হয়।

ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১৩-এ শুক্রবার ডভ লিওরের এই ধর্মীয় নির্দেশের বিষয়টি প্রকাশ্যে আসে। পশ্চিম তীরের ইসরাইলি বসতি স্থাপনকারীদের মধ্যে অন্যতম প্রভাবশালী ধর্মীয় কর্তৃত্ব হিসেবে বিবেচিত এই রাবি যুক্তি দেন, ফিলিস্তিনিরা মূলত তাদের ব্যবহার করা জমির বৈধ মালিক নন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, তারা কোনো ইহুদি বা ইসরাইলি জনগণের কাছ থেকে এসব জমি কেনেননি। ফলে তার দৃষ্টিতে ফিলিস্তিনিদের মালিকানাধীন এসব জমি আসলে ‘চুরি করা সম্পত্তি’।

ইহুদি ধর্মীয় আইনের নিজস্ব ব্যাখ্যা টেনে ডভ লিওর দাবি করেন, চুরির মাধ্যমে কখনোই কোনো সম্পত্তির প্রকৃত মালিকানা অন্য কারো কাছে হস্তান্তরিত হতে পারে না। ফলে ফিলিস্তিনিদের দখলে থাকা ভূখণ্ড মূল অর্থে ‘ইসরায়েলি জনগণ’-এরই প্রাপ্য সম্পত্তি। এমনকি ফিলিস্তিনি কৃষকেরা নিজ হাতে জমিতে জলপাইগাছ রোপণ করলেও, সেটি জমির ওপর কিংবা উৎপাদিত ফসলের ওপর তাদের কোনো মালিকানা অধিকার সৃষ্টি করে না বলে যুক্তি দেন তিনি।

তার দাবিমতে, ফিলিস্তিনিরা এতদিন ধরে জলপাইয়ের ফল ভোগ করার মাধ্যমে গাছ রোপণের পর্যাপ্ত ক্ষতিপূরণ ইতিমধ্যেই পেয়ে গেছেন। তাই এখন জমি এবং উৎপাদিত ফসল—উভয়ই কথিত ‘প্রকৃত মালিকদের’ হাতে ফিরিয়ে দেওয়া উচিত। লিওরের এই নির্দেশ কেবল অবৈধ বসতিগুলোর নিকটবর্তী এলাকাতেই সীমাবদ্ধ রাখা হয়নি; বরং বসতি থেকে দূরে অবস্থিত ফিলিস্তিনি অঞ্চলগুলোর জলপাই ফসল কেড়ে নেওয়ারও অনুমতি দিয়েছেন তিনি।

এমন এক সময়ে এই ইহুদি ধর্মগুরুর নির্দেশ এল, যখন অধিকৃত পশ্চিম তীরে বার্ষিক জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনি কৃষক ও তাদের ঘরবাড়ির ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংস হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রতি বছর অক্টোবর মাসে জলপাই তোলার মৌসুম শুরু হলে কৃষকদের ওপর শারীরিক নির্যাতন, জমিতে যেতে বাধা সৃষ্টি, গাছ কেটে ফেলা এবং ফসল লুটের মতো ঘটনা নিয়মিত ঘটে থাকে। চলতি মাসেও ফিলিস্তিনিদের কৃষিজমি, যানবাহন ও ঘরবাড়িতে হামলা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পাশাপাশি ফিলিস্তিনি ও ইসরাইলি মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, এসব সহিংসতা রোধে ইসরাইলি কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না এবং হামলাকারীদের বিচারেও কোনো উদ্যোগ দেখা যায় না। আন্তর্জাতিক আইন অনুসারে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গড়ে তোলা সব ইসরাইলি বসতি অবৈধ হলেও, ফিলিস্তিনি জনগণ জমি দখলের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে নিজেদের অধিকার আঁকড়ে ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করে আসছেন।