হরমুজ প্রণালিতে তেলবাহী সুপারট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে অতিক্রমের সময় ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেলবাহী একটি বিশাল সুপারট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনুমোদিত নৌপথ লঙ্ঘন করে জাহাজটি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সামুদ্রিক মাইনের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।

শনিবার (১৭ অক্টোবর) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর বরাতে আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাও এই খবরটি গুরুত্বের সঙ্গে প্রচার করেছে।

আইআরজিসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়েছে, তেলবাহী জাহাজটি আন্তর্জাতিক ট্র্যাকিং ব্যবস্থা ও রাডার সংকেত সম্পূর্ণ বন্ধ রেখে ওই পথ দিয়ে গোপনে অতিক্রমের চেষ্টা করছিল। মূলত মার্কিন সামরিক সহায়তায় ইরানের আরোপিত নিয়মকানুন ও নিষেধাজ্ঞা এড়িয়ে ছলচাতুরীর মাধ্যমে প্রণালিটি পার হওয়াই ছিল তাদের উদ্দেশ্য।

ঘটনার পরপরই আইআরজিসি নৌবাহিনী কঠোর হুঁশিয়ারি দিয়ে পুনর্ব্যক্ত করেছে যে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাভাবিক পথ বর্তমানে বন্ধ রয়েছে। ইরানের ট্রাফিক আইন ও বিধিবিধান লঙ্ঘন করে কোনো আন্তর্জাতিক জাহাজ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সমর্থনের ওপর নির্ভর করে চলাচল করলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলে তারা সতর্ক করেছে।