জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দ্রুত বিচার ও শাস্তির আওতায় আনার দাবি সারা দেশে জোরালো রূপ নিয়েছে। তবে এই বিচার ও তদন্ত প্রক্রিয়ার মন্থর গতি, আলামত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা এবং জামিনে বের হয়ে একাধিক নেতার হুমকির ঘটনাকে কেন্দ্র করে চরম উদ্বেগ দেখা দিয়েছে। অতিসম্প্রতি যুক্তরাষ্ট্রে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার পর নিষিদ্ধ ঘোষিত এই দলটির বিচারের দাবি নতুন করে বেগবান হয়েছে।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। জন এফ কেনেডি বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনাল দিয়ে হুইলচেয়ারে করে বের হওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রবাসভিত্তিক কয়েকজন নেতাকর্মী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করেন। সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী ও সহযোগীদের দ্রুত হস্তক্ষেপে তৎকালীন প্রধান উপদেষ্টাকে নিরাপদে ভবনের ভেতরে সরিয়ে নেওয়া সম্ভব হয়।
বিমানবন্দরের এই ঘটনার পর দেশের রাজনৈতিক অঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়। জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও সংসদ সদস্য নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুকে মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার অপচেষ্টা আওয়ামী লীগের সহিংস ও সন্ত্রাস নির্ভর রাজনীতিকে আবারও স্পষ্ট করেছে। দেশ-বিদেশের সন্ত্রাসী নেটওয়ার্ক প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াকরণের দাবি জানান। একইভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে দলটির সঙ্গে কোনো সমঝোতা বা রিকনসিলিয়েশন না করার ঘোষণা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ-উর রহমানও ব্যক্তিগতভাবে সমঝোতার সম্ভাবনা নাকচ করেছেন।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম রেজা বলেন, একটি ফ্যাসিস্ট পার্টি হিসেবে আওয়ামী লীগের পাওনা মিটিয়ে দিতে হবে এবং বিচারের পর এই নামে বাংলাদেশে কোনো দল থাকা উচিত নয়। অপরাধে জড়িত না থাকা ব্যক্তিরা চাইলে ভিন্ন নামে নতুন দল গড়তে পারেন। অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ও গণবিপ্লবী উদ্যোগের আহ্বায়ক আরিফ সোহেল জোড়া বিচার কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, একদিকে হত্যা ও আক্রমণে অংশ নেওয়া ব্যক্তি নেতাদের বিচার করতে হবে, অন্যদিকে সুপরিকল্পিত গণহত্যার জন্য দল হিসেবে বিচার দরকার। নির্বাহী আদেশে দলকে সাময়িক নিষিদ্ধ করার আইনগত ভিত্তি দুর্বল উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, পরবর্তী যেকোনো সময়ে তা বদলে যেতে পারে। তাই আদালতের রায়ের মাধ্যমে বিচার নিষ্পত্তি করা, আমলাতন্ত্রের সঙ্গে যোগাযোগের বিষয়টি কড়া নজরদারিতে রাখা এবং জামিনপ্রাপ্তদের হুমকি বন্ধের জোরালো আহ্বান জানান তিনি।
আইনি ও তদন্তের অগ্রগতির বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, দেশব্যাপী বিস্তৃত জেলা ও উপজেলা পর্যায়ে ঘটা মানবতাবিরোধী অপরাধগুলোর তথ্য প্রমাণের তদন্ত চলমান থাকায় কিছু সময় লাগছে। তবে ট্রাইব্যুনালের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র সংকেত দিয়েছে যে, তদন্ত কাজ আশানুরূপ গতি পাচ্ছে না এবং অনেক গুরুত্বপূর্ণ আলামত ঢাকাপড়া ও নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যা দমনে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। প্রসিকিউশন দলগত সহিংসতার চূড়ান্ত প্রমাণ পেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের পাশাপাশি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর অধীনেও বিচার করার সুযোগ রাখা হয়েছে। এর আগে ২০২৫ সালের ১০ মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের সিদ্ধান্ত হয়। সে সময় তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল ব্রিফিংয়ে জানিয়েছিলেন, ১৯৭৩ সালের আইনে সংশোধনী এনে মানবতাবিরোধী অপরাধে জড়িত যেকোনো দল বা অঙ্গসংগঠনের সম্পত্তি বাজেয়াপ্ত, নিবন্ধন বাতিল কিংবা রাজনৈতিক কার্যক্রম স্থগিত করার এখতিয়ার ট্রাইব্যুনালকে দেওয়া হয়।
বিচারের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্দোলনের নেতাকর্মী ও সাক্ষীদের সুরক্ষায় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সাইবার স্পেসসহ সব ধরনের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল। এর পূর্বে ২০২৪ সালের অক্টোবরে দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করা হয় এবং পরবর্তীতে নির্বাচন কমিশনও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।

