সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার বারুহাস গ্রামে ছড়িয়ে আছে ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য আর নানা কিংবদন্তি। গ্রামের কোথাও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রায় দেড়শ বছরের পুরোনো তিন গম্বুজবিশিষ্ট চৌধুরীবাড়ি জামে মসজিদ। আবার কোথাও কালের ক্ষয় আর অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে কয়েকশ বছরের পুরোনো শাহ ইমাম (রহ.)-এর স্মৃতিবিজড়িত ইমামবাড়ি। যথাযথ সংরক্ষণের অভাবে গুরুত্বপূর্ণ এসব ঐতিহাসিক নিদর্শন হারাতে বসেছে তাদের আদি বৈশিষ্ট্য। স্থানীয়দের প্রত্যাশা, সরকারি উদ্যোগে প্রাচীন স্থাপনাগুলো সংরক্ষণ করা হলে বারুহাসের ইতিহাস ও ঐতিহ্য রক্ষার পাশাপাশি চলনবিল অঞ্চলে ঐতিহাসিক পর্যটনের নতুন সম্ভাবনাও তৈরি হবে।
বারুহাস গ্রামের পশ্চিমপাড়ার চৌধুরীপাড়ায় অবস্থিত দেল মাহমুদ চৌধুরী জামে মসজিদটি স্থানীয়ভাবে চৌধুরীবাড়ি জামে মসজিদ নামে পরিচিত। ১৮৭৫ সালে দেল মাহমুদ চৌধুরী মসজিদটি নির্মাণ করেন। প্রায় দেড়শ বছর ধরে এটি এলাকার মানুষের ধর্মীয় চর্চার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। মসজিদটির নির্মাণশৈলীতে মোগল স্থাপত্যের প্রভাব লক্ষ করা যায়। চুন-সুরকির গাঁথুনি, পুরু দেয়াল, তিনটি বড় গম্বুজ এবং পোড়ামাটির অলংকরণ এর প্রাচীনত্ব ও সৌন্দর্যের পরিচয় বহন করে। ছাদের ওপরের তিনটি গম্বুজের পাশাপাশি আটটি পিলারের ওপর রয়েছে তিনটি বড় ও পাঁচটি ছোট মিনার। প্রায় চার শতক জায়গার ওপর নির্মিত মসজিদটির ভেতরের অংশ তুলনামূলক ছোট। প্রতি সারিতে প্রায় ২০ জন করে তিন সারিতে ৬০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. খবির উদ্দিন জানান, তিনি ৩১ বছর ধরে এখানে ইমামতির দায়িত্ব পালন করছেন। প্রতি শুক্রবার জুমার নামাজে মসজিদ মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়।
বারুহাসের আরেকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন শাহ ইমাম (রহ.)-এর স্মৃতিবিজড়িত ইমামবাড়ি। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে এই স্থাপনা এবং এর আশপাশের এলাকা ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে ওঠে। ইয়েমেন থেকে আগত সুফি-সাধক হযরত শাহ ইমাম (রহ.) বারুহাসে বসতি স্থাপন করে ইসলাম প্রচার করেন। সম্রাট জাহাঙ্গীর বাংলা সফরে এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন বলে প্রচলিত আছে। একসময় এখানে মসজিদসহ একাধিক স্থাপনা ছিল, কিন্তু সময়ের ব্যবধানে অধিকাংশ বিলুপ্ত হয়েছে। অবশিষ্ট যে স্থাপনাগুলো টিকে আছে, সেগুলোর দেয়ালের আস্তর খসে পড়ছে এবং ইটের গাঁথুনিতে লতাপাতা ও গাছগাছালি জন্মেছে। ইমামবাড়ির আশপাশে থাকা সমাধি ও একটি বড় পুকুর রয়েছে, যার কিছু অংশ বেদখল হয়ে গেছে বলে স্থানীয়দের অভিযোগ।
বারুহাসের পরিচয় কেবল প্রাচীন স্থাপনায় সীমাবদ্ধ নয়, গ্রামটির নামকরণ নিয়েও রয়েছে নানা লোককথা। নায়েব শেখ বাহারউদ্দিন ‘বারু শেখ’ নামে পরিচিত ছিলেন, তার নাম থেকেই বারুহাস নামের উৎপত্তি বলে অনেকে মনে করেন। প্রায় পাঁচশ বছর আগে ইয়েমেন থেকে আগত শেখ বংশের লোকজন ভদ্রাবতী নদীর তীরবর্তী এলাকায় বসতি স্থাপন করেন। এসব নিদর্শনকে ঘিরে প্রতিবছর আয়োজিত ঐতিহ্যবাহী বারুহাস মেলা স্থানীয় সংস্কৃতি ও জনজীবনে বিশেষ গুরুত্ব বহন করে।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান জানান, ঐতিহাসিক স্থাপনাগুলো অতীত ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। বারুহাসের ঐতিহাসিক ইমামবাড়ি ও তিন গম্বুজবিশিষ্ট মসজিদের গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে স্থাপনাগুলোর ইতিহাস, নির্মাণশৈলী ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে এবং ঐতিহাসিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে কীভাবে এগুলো সংরক্ষণ করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

