পৃথিবীতে এসেই চরম অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়েছে এক নবজাতক কন্যাশিশুকে। পরম মমতায় লালিত হওয়ার পরিবর্তে তার ঠাঁই মিলেছিল নোংরা ড্রেনের পাশে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহেশগঞ্জ এলাকায় ড্রেনের পাশ থেকে ফেলে রাখা এই নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে। স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশগঞ্জ এলাকার সমীরের বাড়ির পেছনের গলির ড্রেনের পাশে পথচারীরা শিশুটিকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানিয়েছেন, নবজাতকের পরিচয় শনাক্ত এবং তার মা-বাবার সন্ধান বের করার জন্য পুলিশ কাজ করছে। এছাড়া কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে রেখে গেছে, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

