ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন হামলা

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ ও প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। হামলার সময় দেশটির প্রধানমন্ত্রী শায়া আল-জিন্দানি এবং মন্ত্রিসভার সদস্যরা ওই প্রাসাদে অবস্থান করছিলেন। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, এই হামলায় তাদের কোনো ক্ষতি হয়নি এবং সবাই নিরাপদে আছেন।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে আলজাজিরা জানিয়েছে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাশিক প্রাসাদের কাছাকাছি অন্তত পাঁচটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক স্থানীয় বাসিন্দা নিরাপদ আশ্রয়ের সন্ধানে এলাকা ছেড়ে চলে যান।

এদিকে ইরান-সমর্থিত গোষ্ঠী হুথি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়েছে, সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক কার্যক্রমকে লক্ষ্য করেই তারা এই অভিযান পরিচালনা করেছে। হুথিদের দাবি, তাদের মূল লক্ষ্য ছিল প্রাসাদের ভেতরে থাকা একটি সামরিক পরিচালনাকেন্দ্র এবং অস্ত্রের গুদাম।