তারেক মনোয়ার ও ইসমাইল হোসেনকে ঘিরে উঠেছে প্রশ্ন।
নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাটের কালীগঞ্জে নগদ এজেন্ট সিম সরবরাহ এবং গ্রাহকের অজান্তে তাঁর নামে সিম তৈরি করে ব্যবহারের অভিযোগ উঠেছে ইসমাইল হোসেন ও তারেক মনোয়ার নামে এই দুই ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় সূত্রের জানা গেছে, তাঁরা কালীগঞ্জের বিভিন্ন এলাকায় নগদ এজেন্ট সিম সরবরাহ করে থাকেন। সিম সরবরাহের বিনিময়ে মোটা অঙ্কের টাকা নেওয়া এবং বিভিন্ন ক্যাসিনো ডিলারের সঙ্গে তাঁদের যোগাযোগ থাকার অভিযোগও সামনে এসেছে।
প্রাপ্ত তথ্যমতে, কালীগঞ্জ রেলওয়ে স্টেশনসংলগ্ন ‘মিফতা উল জান্নাত’ নামের একটি নগদ এজেন্ট ইসমাইল হোসেনের মাধ্যমে সিম তৈরির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, যে ব্যক্তির নামে সিম নিবন্ধন করা হয়, তিনি সিমটি তৈরি বা ব্যবহারের বিষয়ে কিছুই জানেন না। অথচ ওই সিম ব্যবহার করে দীর্ঘ প্রায় এক বছর ধরে ক্যাসিনাসংশ্লিষ্ট লেনদেন পরিচালিত হয়েছে বলে দাবি করা হচ্ছে।
এমন অভিযোগের সত্যতা পাওয়া গেলে তা গ্রাহকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, সিম নিবন্ধন প্রক্রিয়া এবং আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে। বিশেষ করে কোনো ব্যক্তির অজান্তে তাঁর পরিচয়ে সিম নিবন্ধন করে তা আর্থিক লেনদেনে ব্যবহার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতার মুখেও পড়তে হতে পারে।
এ ঘটনায় এলাকায় হট্টগোল সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দুই ব্যক্তি, নগদ কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত তথ্য জানা যাবে।
অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। সিম নিবন্ধনের তথ্য, সংশ্লিষ্ট গ্রাহকের বক্তব্য এবং লেনদেনের রেকর্ড যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানাচ্ছি।

