আদালতে জামিন শুনানি চলাকালে আইনজীবীদের মধ্যে হাতাহাতি

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া আল-নূর মোহাম্মদ আয়াস ও মারজিয়া খন্দকার রিমির জামিন শুনানি চলাকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বুধবার আদালতকক্ষে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে বিচারক এজলাস ত্যাগ করেন।

গত ১০ অক্টোবর শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার অভিযোগে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দায়ের করা অপরাধমূলক ষড়যন্ত্র, বিদ্বেষ ছড়ানো ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় এর আগে আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ড শেষে আজ তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক আব্দুল গাফফার হিমেল আয়াস ও মারজিয়া খন্দকারকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, রিমান্ডে প্রাপ্ত তথ্য যাচাই ও পলাতক আসামিদের সন্ধানে তাঁদের জেলহাজতে রাখা প্রয়োজন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মনির হোসেন জামিনের আবেদন জানিয়ে বলেন, আসামিরা অসুস্থ এবং মারজিয়ার সন্তান রয়েছে। তিনি আরও দাবি করেন, আসামিদের মূল লক্ষ্য ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা নয়। এর বিপরীতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আসামিদের আচরণকে ঔদ্ধত্যপূর্ণ হিসেবে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, আসামিরা উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং জেনারেশনের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। এ সময় তিনি আসামিপক্ষের আইনজীবীদের জামায়াতপন্থী বলেও মন্তব্য করেন।

এই মন্তব্যের প্রতিবাদে আসামিপক্ষের আইনজীবীরা উচ্চ স্বরে প্রতিক্রিয়া জানালে মুহূর্তের মধ্যে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে আল মহসিন তৌহিদ নামে এক আইনজীবীর শার্টের বোতাম ছিঁড়ে যায়। বিকেল ৪টা ৩৭ মিনিটে বিচারক এজলাস ত্যাগ করে খাসকামরায় চলে যান। পরে আইনজীবীরা পরিস্থিতি শান্ত করলে বিকেল ৪টা ৪২ মিনিটে বিচারক পুনরায় এজলাসে ফিরে আসেন এবং দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।