গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের ওষুধ উৎপাদন কারখানায় আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দলও অগ্নিনির্বাপণ কাজে যোগ দিয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শাহিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারখানা ভবনটি ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং কাচ দিয়ে তৈরি। এই কাঠামোগত বৈশিষ্ট্যের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, যা নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে ফায়ার সার্ভিসকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০টার দিকে কারখানার ইউনিট-২ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন দ্রুত কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। কারখানার ভেতরে থাকা ওষুধ, উৎপাদনসংশ্লিষ্ট সরঞ্জাম ও বিভিন্ন মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে ঠিক কোন তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি, উত্তরা ফায়ার স্টেশনের তিনটি, গাজীপুর চৌরাস্তা মডার্নের চারটি, কুর্মিটোলা ফায়ার স্টেশনের চারটি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ও পূর্বাচল ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে। এছাড়া মিরপুর থেকে একটি হ্যাজম্যাট টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আজ দুপুর পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য মেলেনি। গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া জানিয়েছেন, তিনি ঘটনাটির সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কাজ করে যাচ্ছেন।

