ককরোচ জনতা পার্টির (সিপিজে) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার তিনি মন্তব্য করেন, শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের সময় জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধমূলক কর্মকাণ্ড হতে পারে না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অবস্থান তুলে ধরে রাহুল গান্ধী বলেন, যন্তর মন্তরের মতো জায়গায় শান্তিপূর্ণ বিক্ষোভে তেরঙ্গা ওড়ানোকে কেন্দ্র করে তরুণদের কারাগারে বন্দি করা একটি কাপুরুষোচিত পদক্ষেপ। তিনি আরও বলেন, শিক্ষার্থী, যুবসমাজ, সাংবাদিক এবং ইন্ডিয়া জোটের পতাকায় ভিন্নতা থাকলেও সবার দাবি অভিন্ন। সংবিধান অনুযায়ী নাগরিক অধিকার আদায়ের সকল প্রতিবাদ একই সূত্রে গাঁথা। রাহুল গান্ধী দৃঢ়তার সাথে উল্লেখ করেন, যন্তর মন্তর ভারতের সাধারণ জনগণের জায়গা এবং এটি ফিরিয়ে আনা হবে।
গ্রেপ্তারের সমালোচনা করেছেন আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালও। নিজের দেশে জাতীয় পতাকা ওড়ানোকে অপরাধ হিসেবে গণ্য করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে তিনি একে হাস্যকর বলে আখ্যা দিয়েছেন।
এর আগে মঙ্গলবার যন্তর মন্তরের ব্যারিকেড ভেঙে অনুমতি ছাড়া বিক্ষোভস্থলে প্রবেশের অভিযোগে সিপিজের তিন নেতাকে আটক করে পুলিশ। ওই সময় তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছিলেন। বুধবার সকালে তাদের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। এরপর আদালত সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠালে তাদের তিহার জেলে স্থানান্তর করা হয়। তবে অজিঙ্ক শিন্ডেকে ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, অনধিকার প্রবেশ, নিষেধাজ্ঞামূলক নির্দেশ অমান্য, সরকারি কর্মীর কাজে বাধা প্রদান এবং শান্তি বজায় রাখার মুচলেকা ভঙ্গের অভিযোগে ওই তিন নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১২: ০৯আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১২: ২৪

