প্রাকৃতিক দুর্যোগের মতো কঠিন সময়ে বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করাই প্রকৃত মুমিনের পরিচয়। আল্লাহ তায়ালা বিভিন্ন বিপদাপদ দিয়ে মানুষকে সতর্ক করে থাকেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, 'আমি অবশ্যই কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদির ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা করব। তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যারা নিজেদের বিপদ-মসিবতের সময় বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। তাদের ওপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত এবং তারাই হেদায়াতপ্রাপ্ত।'
প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে কিছু সুন্নত আমল অনুসরণ করা অত্যন্ত জরুরি। যখন কোথাও ভূমিকম্প, সূর্যগ্রহণ, ঝোড়ো বাতাস কিংবা বন্যার মতো দুর্যোগ দেখা দেয়, তখন সবার উচিত আল্লাহর কাছে তওবা করা, তাঁর কাছে নিরাপত্তার জন্য প্রার্থনা করা, তাঁকে স্মরণ করা এবং ক্ষমা চাওয়া। রাসুলুল্লাহ (সা.) দুর্যোগের মুহূর্তে দ্রুততার সঙ্গে আল্লাহর জিকির ও তওবা করার নির্দেশ দিয়েছেন।
আল্লাহর জিকিরের সর্বোত্তম উপায় হলো নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা অথবা দোয়া-দরুদ পাঠ করা। দুর্যোগের সময় ইস্তিগফার ও তাসবিহ পাঠের মাধ্যমেও আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। হাদিসে বর্ণিত আছে, প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইলে রাসুলুল্লাহ (সা.) মসজিদে যেতেন এবং নামাজে মশগুল হতেন (মিশকাতুল মাসাবিহ : ৬৯৬)। এভাবেই দুর্যোগের সময় আল্লাহকে স্মরণ করে বিপন্মুক্ত থাকার শিক্ষা পাওয়া যায়।

