সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত এই নীতিমালায় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালা অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি শ্রেণিতে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এই নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ‘৬ প্লাস’ হতে হবে। তবে কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ৫ বছর এবং সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অন্যান্য শ্রেণির ক্ষেত্রেও বয়স গণনা এই নিয়ম অনুসরণ করে করতে হবে।
শিক্ষার্থীর বয়স প্রমাণের জন্য ভর্তির আবেদনপত্রের সাথে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে। নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, প্রতিটি শ্রেণির একটি শাখায় শিক্ষার্থীর সংখ্যা ৫৫ জনের বেশি হবে না।
প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আবশ্যিকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে।দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনগুলোতে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী বাছাই করতে হবে।

