রিয়াদের আকাশে শক্তিশালী বিস্ফোরণ, মোবাইল ফোনে সতর্কবার্তা

সোমবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা এই বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। বিস্ফোরণের কিছুক্ষণ আগেই রিয়াদের বাসিন্দাদের মোবাইল ফোনে আকাশপথে হামলার হুমকি সংক্রান্ত একটি সতর্কবার্তা পাঠানো হয়েছিল।

ওই সতর্কবার্তায় রিয়াদের বাসিন্দাদের শান্ত থাকতে এবং ঘরের ভেতরে বা নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি জানালা ও দরজা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

এদিকে সৌদি আরবের সামরিক জোট ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে। জোটের সামরিক মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে, রিয়াদের আকাশজুড়ে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তা মূলত শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য ছোড়া প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের শব্দ। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।