সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের প্রবাসী কামরুলের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. কামরুল ইসলাম (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে দেশটির রাজধানী রিয়াদের বানবান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, কামরুল রিয়াদের বানবান এলাকায় আল মদিনা কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার সকালে নাইট ডিউটি শেষ করে রুমে ফেরার পথে একটি পানিবাহী ট্যাংকারের সঙ্গে তার লড়ি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। লড়িটিতে থাকা কামরুল ঘটনাস্থলেই প্রাণ হারান। সৌদিপ্রবাসী একই এলাকার বিল্লাল মিয়া মোবাইল ফোনে বাড়িতে এই দুঃসংবাদটি জানান।

পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে প্রায় চার বছর আগে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন কামরুল। এক বছর আগে ছুটিতে বাড়িতে এসে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার স্ত্রী খাদিজা আক্তার আখি কান্নায় ভেঙে পড়ে স্বামীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ২০২৫ সালে তিন মাসের ছুটিতে এসে আমাদের বিয়ে হয়েছিল, আজ সকালে তার মৃত্যুর খবর শুনলাম। আমি শেষবারের মতো স্বামীর মুখ দেখতে চাই।

ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকে বাবা জয়নাল আবেদীন শোকে স্তব্ধ। তিনি বলেন, সংসারের হাল ধরার আশায় ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। কামরুল বাড়িতে একটি নতুন ঘর নির্মাণ করছিল, এখন সেই ঘরে কে থাকবে—এই প্রশ্নই এখন পরিবারের সদস্যদের মনে। কামরুলের মৃত্যুতে তার বৃদ্ধ বাবা-মা ও স্ত্রী চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।

মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম জহির জানান, কামরুলের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারটির পাশে দাঁড়াতে এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।