রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার পর আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনার চার ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন রাত সাড়ে ৯টার দিকে জানান, ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়েছে। অধিকাংশ কক্ষ তালাবদ্ধ থাকায় ফায়ার ফাইটারদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভবনে প্রচুর ধোঁয়া থাকায় আগুন নেভানোর কাজে বিঘ্ন ঘটছে। একপর্যায়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরবর্তীতে তা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে, যার ফলে অগ্নিনির্বাপক বাহিনীর অতিরিক্ত ইউনিট যুক্ত করতে হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, এলাকাটির রাস্তা অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে বেশ সমস্যার সম্মুখীন হয়েছে। এছাড়া পাশের ভবনটি লাগোয়া থাকায় আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ছে। বিদ্যুৎ ও ওয়াই-ফাইয়ের তারের জটের কারণেও আগুনের উৎসে পানি পৌঁছাতে দেরি হচ্ছে। শুরুতে পাঁচটি ইউনিট কাজ শুরু করলেও পরিস্থিতি জটিল আকার ধারণ করায় পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের ঘটনার সঠিক তথ্য পাওয়া যায়নি।

