মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: শামা ওবায়েদ

পবিত্র নগরী মক্কা ও মদিনার ওপর কোনো ধরনের হুমকি আসলে বাংলাদেশ হাত গুটিয়ে বসে থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মক্কা ও মদিনা বিশ্বের সকল মুসলমানের ঐক্যের প্রতীক। এটি কেবল কূটনীতির বিষয় নয়, এর সাথে আমাদের আবেগ জড়িত। তাই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে কোনো হুমকি আসলে বাংলাদেশ অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে।

এর আগে বিআইআইএসএস আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে পথপরিক্রমা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানটিতে বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান উপস্থিত ছিলেন। সেমিনার শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী। তাকে হুতি-সৌদি সংঘাত, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের জ্বালানি নির্ভরতা এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয়ে প্রশ্ন করা হয়।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা ও সেনা পাঠানোর বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে মক্কা জোটে যোগ দেয়নি। তাই আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার পরই কেবল সৈন্য পাঠানোর প্রশ্ন আসবে। তবে সৌদি আরবের সাথে বাংলাদেশ একাত্মতা প্রকাশ করছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি ক্রাউন প্রিন্সকে একটি চিঠিও পাঠানো হয়েছে। আমরা সৌদি সরকার ও সাধারণ মানুষের পাশে আছি এবং চাই অবিলম্বে এমন হামলা বন্ধ হোক।

সৌদি আরবের তেল শোধনাগারে হুতি বিদ্রোহীদের হামলার প্রভাব সম্পর্কে শামা ওবায়েদ জানান, জ্বালানি প্রতিমন্ত্রী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন এবং সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ রাখছেন। জ্বালানি মন্ত্রণালয়ের প্রস্তুতির কারণে বাংলাদেশে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না। তবে যুদ্ধের প্রভাব পড়লে তা কেবল বাংলাদেশ নয়, পুরো বিশ্বেই পড়বে বলে তিনি উল্লেখ করেন।

গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, ওই হামলায় ২৪ জনেরও বেশি বাংলাদেশি আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। তিনি অবিলম্বে এই অমানবিক পরিস্থিতির অবসান কামনা করেন।