আগামী সপ্তাহ থেকে গ্যাস পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রীর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দেশজুড়ে চলমান গ্যাস সংকটের জন্য জনগণের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, বাসাবাড়িতে রান্নার ভোগান্তি, শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়া এবং সিএনজি স্টেশনে চাপের কারণে গণপরিবহনের সমস্যাসহ সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সরকার অবগত। তিনি জানান, কোনো সরকারি প্রতিষ্ঠানের ত্রুটির কারণে এই সংকট তৈরি হয়নি, বরং একটি বেসরকারি প্রতিষ্ঠানের কারিগরি সমস্যার কারণে পরিস্থিতির উদ্ভব হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। তবে তাৎক্ষণিকভাবে এর সমাধান সম্ভব না হওয়া সরকারের একটি সীমাবদ্ধতা বলেও তিনি উল্লেখ করেন।

গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি শুরু হবে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে। তিনি জানান, ত্রুটিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে স্বাভাবিক সময়ে প্রতিদিন ৫০০ থেকে ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহ থেকে দৈনিক ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, আগামী সপ্তাহে প্রায় ৫০ শতাংশ গ্যাস সরবরাহ চালু করা গেলে পরবর্তী সপ্তাহের মধ্যে শতভাগ সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে সরকার আশা করছে।