কোনো ভয়ের পরিস্থিতির মুখোমুখি হলে আমরা সাধারণত তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। হয়তো কোনো মানুষের সামনে কথা বলতে গিয়ে ভুল হওয়ার ভয়ে আপনি কথা বলা বন্ধ করে দিলেন। প্রথমবার এই পরিস্থিতি এড়িয়ে গেলে সাময়িক স্বস্তি পাওয়া যায়, যা মস্তিষ্ককে ভুল সংকেত দেয় যে আপনি একটি বিপজ্জনক পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করেছেন। এর ফলে পরবর্তীতে মস্তিষ্ক আরও দ্রুত ভয় অনুভব করতে শুরু করে এবং ভয়ের চক্রটি আরও শক্তিশালী হয়। এই চক্রটি হলো: ভয়, এড়িয়ে যাওয়া, সাময়িক স্বস্তি এবং সবশেষে আরও বেশি ভয়।
এই চক্র ভাঙার জন্য মানসিক স্বাস্থ্যের চিকিৎসায় 'এক্সপোজার থেরাপি' অত্যন্ত কার্যকর। এর মানে এই নয় যে নিজেকে জোর করে ভয়ের মধ্যে ফেলতে হবে। বরং নিরাপদ পরিবেশে নিজের গতিতে ছোট ছোট ধাপ অনুসরণ করে ভয়ের পরিস্থিতির মুখোমুখি হওয়া। যেমন, মানুষের সামনে কথা বলতে ভয় পেলে, প্রথম দিনই বড় কোনো মঞ্চে না গিয়ে প্রথমে আয়নার সামনে কথা বলা, এরপর মোবাইলে নিজের কথা রেকর্ড করা, এরপর একজন বিশ্বস্ত মানুষের সামনে এবং সবশেষে অল্প কয়েকজনের সামনে কথা বলা।
এভাবে বারবার মুখোমুখি হলে মস্তিষ্ক নতুন শিক্ষা পায় যে, ভয় লাগলেও আসলে কোনো ভয়ংকর ঘটনা ঘটছে না এবং আপনি নিরাপদ। এক্সপোজার থেরাপির মূল লক্ষ্য ভয়কে তাৎক্ষণিক দূর করা নয়, বরং ভয়ের উপস্থিতিতেও স্বাভাবিক জীবনযাপন করতে শেখা। আপনি কোন পরিস্থিতি এড়িয়ে চলেন তা একটি কাগজে লিখে তার সমাধানের সবচেয়ে ছোট ও নিরাপদ ধাপটি আজই শুরু করতে পারেন। মনে রাখবেন, অনেক সময় ভয় নয়, বরং ভয়কে এড়িয়ে চলার অভ্যাসই আমাদের জীবনকে আটকে রাখে।
তবে পিটিএসডি (PTSD), ওসিডি (OCD), প্যানিক ডিসঅর্ডার, তীব্র ফোবিয়া বা গুরুতর ট্রমার ক্ষেত্রে অবশ্যই একজন প্রশিক্ষিত মানসিক স্বাস্থ্য পেশাজীবীর তত্ত্বাবধানে এই থেরাপি করা উচিত। নিজের উদ্যোগে গভীর এক্সপোজার শুরু করা সবসময় নিরাপদ নাও হতে পারে। পরামর্শ দিয়েছেন কনসালট্যান্ট সাইকোলজিস্ট মিশকাতুল জান্নাত এলিন, সোল ওয়েলনেস (Soul Wellness)। বিস্তারিত জানতে যোগাযোগ করুন Soul Wellness: Counselling/Psychotherapy পেজে অথবা ফোন করুন ০১৮১২-৩৮৫০৮৫ নম্বরে।
CBT-তে এই চক্র ভাঙার একটি কার্যকর পদ্ধতির নাম Exposure Therapy।
Exposure Therapy-এর অর্থ নিজেকে জোর করে ভয়ের মধ্যে ফেলে দেওয়া নয়।

