সৌদিতে দ্বিতীয় দফার হুথি হামলায় পাকিস্তানি নাগরিক নিহত, আহত ১১

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত দুই দিনে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় একজন পাকিস্তানি নাগরিক নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। ইরানসমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।

রোববার চালানো এই হামলায় বিমানবন্দরের একটি প্যাসেঞ্জার হলে আগুন ধরে যায়। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহত ওই ব্যক্তি একজন পাকিস্তানি নাগরিক। এর ঠিক একদিন আগেই একই বিমানবন্দরে আরেকটি ভয়াবহ হামলায় ১৩ জন নিহত ও ৩০৮ জন আহত হয়েছিলেন। সপ্তাহের শুরু থেকেই এমন বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।

হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় তারা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন দিয়ে বিমানবন্দরে এই আক্রমণ চালিয়েছেন। শুধু রিয়াদই নয়, পূর্ব সৌদির দাম্মাম বিমানবন্দর এবং তেল শোধনাগারগুলোতেও হামলা চালানো হয়েছে। তিনি হুংকার দিয়ে বলেছেন, সৌদির ভেতরে এই অভিযান আরও জোরদার করা হবে এবং পবিত্র শহর মক্কা ও মদিনা বাদে সৌদির সব বিমানবন্দরই এখন তাদের সম্ভাব্য টার্গেট। ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি জোটের হস্তক্ষেপ এবং সানার বিমানবন্দরে বিমান হামলার জবাব দিতেই এই আক্রমণ চালানো হচ্ছে বলে গোষ্ঠীটি জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হুথিদের বিরুদ্ধে হামলা চালানো হবে কিনা সে বিষয়ে যুক্তরাষ্ট্র খুব দ্রুত সিদ্ধান্ত নেবে। অন্যদিকে, যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং জানিয়েছেন, সৌদি আরবকে আরও সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ব্রিটেন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরাইল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার পর উপসাগরীয় অঞ্চলে এটিই সবচেয়ে রক্তক্ষয়ী একক হামলা। একে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি জোট।

এদিকে হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি জোট বিমান হামলা চালিয়েছে। এতে একটি আবাসিক ভবনে এক শিশু নিহত ও ছয়জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে সৌদি আরব এ হামলার খবর নিশ্চিত করেনি এবং বিবিসিও তা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। সৌদ ও হুথিদের এই চলমান উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে সংঘাত নিরসনে মধ্যস্থতা ও সংলাপের প্রস্তাব দিয়েছেন।