ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ত্রিশালে আন্তর্জাতিক মানের একটি বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রোববার দুপুরে ময়মনসিংহ নগরীর সারিন্দা সবারি রিসোর্টে ময়মনসিংহ সিটি করপোরেশন আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরিকল্পনার কথা জানান।
মন্ত্রী বলেন, ময়মনসিংহবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এ অঞ্চলে একটি বিমানবন্দর হওয়া প্রয়োজন। সেই লক্ষ্যেই ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তবে এটি একটি বড় ধরনের প্রকল্প হওয়ায় বাস্তবায়নের জন্য সময়ের প্রয়োজন হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে নতুন প্রজন্মকে শিক্ষায় উৎসাহিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১ হাজার ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ সময় ময়মনসিংহের সার্বিক উন্নয়নে সরকারের অন্যান্য পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, আগামী ঈদের আগেই ময়মনসিংহে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়া নেত্রকোনার বিরিশিরিকে জাতীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনাও সরকারের রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে দেখতে চান। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

