সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের রক্তক্ষয়ী ড্রোন হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। গত এক দশকেরও বেশি সময়ে সৌদিতে হওয়া এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে যুদ্ধরত ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন দেশটিতে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। সৌদি আরব ইয়েমেন সরকারের স্থল অভিযানকে সহায়তা করতে হুথিদের বিরুদ্ধে নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে ‘ভয়াবহ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, শিগগিরই সৌদি আরবের ডি ফ্যাক্টো নেতা ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন তিনি। হুথিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা, সে বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানান ট্রাম্প। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও হামলায় এক মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং এ ধরনের জঘন্য হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।
ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ একে ‘মারাত্মক অবনতি’ হিসেবে আখ্যায়িত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, বেসামরিক বিমান বন্দরে এমন প্রাণঘাতী হামলা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি এবং এটি ইয়েমেন শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের ‘নগ্ন লঙ্ঘন’ ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তার প্রতি চরম অবহেলা বলে উল্লেখ করেছে। কাতার এই ঘটনাকে সৌদি আরবের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার ওপর ‘গুরুতর আঘাত’ হিসেবে বর্ণনা করেছে এবং রিয়াদের নেওয়া যেকোনো বৈধ পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। এছাড়া ফিলিস্তিন সরকার সৌদির সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার ঘোষণা দিয়েছে এবং সৌদি আরবে অবস্থিত জাপানি দূতাবাসও বেসামরিক নাগরিকদের ওপর এই ধরনের বারবার হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে তীব্র নিন্দা জানিয়েছে।

