ওমান উপসাগরে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ অচল করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, জাহাজটির নাবিকেরা বারবার সতর্ক করার পরও তা উপেক্ষা করেন। সেন্টকমের দাবি অনুযায়ী, জাহাজটি ইরানকে ঘিরে চলমান মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পানামার পতাকাবাহী এমভি ওশান মলিকা নামের জাহাজটিতে মার্কিন সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র দিয়ে আঘাত হানে। জাহাজটির পেছনের অংশে এই আঘাত করা হয়। সেন্টকমের দাবি, এই সামরিক অভিযান চালানোর সময় জাহাজের নাবিকদের কোনো ক্ষতি হয়নি।
এমভি ওশান মলিকা জাহাজটি ‘আরিকা সান’ নামেও পরিচিত। সেন্টকমের ভাষ্য অনুযায়ী, জাহাজটি এর আগে ইরানের একটি বন্দর ছেড়ে যাওয়ার পর আঞ্চলিক সমুদ্রসীমা অতিক্রম করার চেষ্টা করছিল।

