আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় কোন্দল ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে যেসব এলাকায় একাধিক নেতা প্রার্থী হতে আগ্রহী, সেখানে আলোচনার মাধ্যমে একক প্রার্থী চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে বিদ্যমান সমস্যা ও দ্বন্ধ নিরসনে কাজ করবে। দলের লক্ষ্য হলো, নেতা-কর্মীদের মধ্যকার বিভেদ দূর করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ইতিবাচক বার্তা পৌঁছানো।
নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি বৈঠকে আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, দুর্গাপূজার নিরাপত্তার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আইনশৃঙ্খলা বাহিনী দেখবে। তবে বিএনপির নেতা-কর্মীদের নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে পূজা মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন এবং কেউ যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সদা সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, শারদীয় দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের পূজা নির্বিঘ্ন ও নিরাপদ করতে নেতা-কর্মীরা পূজা মণ্ডপ কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। তিনি আরও বলেন, দেশ ও গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ধরনের নীলনকশা করা হচ্ছে, তবে সরকার দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সক্ষম। দলের নেতা-কর্মীরা যেকোনো অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিষয়ে সদা সতর্ক রয়েছেন। এছাড়াও বৈঠকে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিসহ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে রিজভী জানিয়েছেন।
শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সন্ধ্যা সাড়ে ৬টায় এই বৈঠক শুরু হয়৷ এতে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

