রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাতের দেয়ালে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার অভিযোগে আ ন ম আয়াসকে আটক করেছে শাহবাগ থানা-পুলিশ। শনিবার দুপুরে শিল্পকলা একাডেমির সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকেসহ মোট তিনজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক জানান, ফুটপাতের দেয়ালের চিত্রকর্ম নষ্ট করার চেষ্টা চলাকালে আয়াসকে আটক করে থানায় নেওয়া হয়। উল্লেখ্য, গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সেগুনবাগিচার ওই ফুটপাত হকারমুক্ত করে। এরপর সেখানে দেয়ালজুড়ে সাহিত্য ও সংস্কৃতির ১০ জন বরেন্য ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছিল। চিত্রকর্মগুলোর মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের অবয়ব ছিল।
আটক আ ন ম আয়াস ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সদস্যসচিব পদে ছিলেন। গত জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি একাধিক বিতর্কিত ও সহিংস ঘটনার কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আলোচনায় আসেন।
চলতি বছরের ৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নতুন ধারা বাংলাদেশ’ (এনডিবি) ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতা-কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। জুলাই অভ্যুত্থান ও শহীদদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে আয়াস এনডিবির ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাকে চড় মারেন বলে দাবি করা হয়। এর জের ধরে সংঘর্ষ চলাকালে আয়াস নিজেও পাইপ ও লাঠির আঘাতে গুরুতর আহত হন। পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও দুই পক্ষ পুনরায় সংঘর্ষে জড়ায়। ওই ঘটনায় আয়াসের ওপর হামলার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়, যেখানে এনডিবির একাধিক নেতাকে আসামি করা হয়।
এরপর ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে আয়াসের নেতৃত্বে একদল লোক অবস্থান নেন। সেদিন সেখানে মুঠোফোনে ভিডিও ধারণ, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং শিঙাড়া বিতরণের অভিযোগ তুলে তিনজনকে মারধর করা হয়। একপর্যায়ে এক রিকশাচালকের ফোন পরীক্ষা করে ভিডিও পাঠানোর অভিযোগ এনে তাঁকে পেটানো হয়। আয়াস সে সময় সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন, তারা কোনো ‘মব’ তৈরি করছেন না, বরং আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে সন্দেহভাজনদের ধরে পুলিশের হাতে দিচ্ছেন।
এর আগে গত বছরের ২৬ মে ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় আয়াসের ওপর হামলার ঘটনা ঘটেছিল। আয়াস জানান, অস্ত্রধারী যুবকেরা তাঁকে ভয়ভীতি দেখিয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের বিষয়ে হুমকি দেয় এবং লাঠিপেটার পাশাপাশি হাত-পায়ে ছুরিকাঘাত করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ঘটনাটি পুলিশকে জানিয়েছিলেন। আবার গত ১৬ আগস্ট ময়মনসিংহের ভালুকায় সাংগঠনিক কাজে গিয়েও তিনি হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন। ১৫-২০ জন রাজনৈতিক প্রতিপক্ষ তাঁকে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে বলে মৌখিক অভিযোগ করলেও তিনি পুলিশের আনুষ্ঠানিক নিরাপত্তা সহায়তা নেননি।
জুলাই গণ-অভ্যুত্থান অবমাননার অভিযোগে গত ৩ জুলাই আয়াস ও তাঁর সংগঠনের দুই সদস্য অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করেছিলেন। এছাড়া গত ২০ সেপ্টেম্বর মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়ির ফটকের সামনে প্রস্রাব করার একটি ভিডিও নিজের ফেসবুকে প্রকাশ করে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টার নতুন ঘটনায় তাঁকে আটক হতে হলো।

