ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভের ছয় দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব একাধিক রাজ্যের পুলিশপ্রধান ও কমিশনারদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, ওই বৈঠকে স্বরাষ্ট্রসচিব নির্দেশ দেন যেন অতীতে প্রতিবাদে অংশ নেওয়া ব্যক্তিরা নিজ শহর ছেড়ে দিল্লির উদ্দেশে রওনা হতে না পারেন। ৪ অক্টোবর অনুষ্ঠিত ওই বৈঠকে সম্ভাব্য আন্দোলনকারীদের প্রতিরোধমূলক আটক রাখা এবং তাঁদের অর্থায়নের উৎস খুঁজে বের করার ওপর জোর দেওয়া হয়। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে ৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বিতীয় দফায় বৈঠক করে।
নিরাপত্তা সংস্থাগুলোর উদ্বেগের মূলে রয়েছে গত জুলাই মাসের অভিজ্ঞতা। সে সময় যন্তর মন্তরে আয়োজিত সিজেপির বিক্ষোভের গুরুত্ব না দেওয়ায় বিপুলসংখ্যক মানুষ সমবেত হয়েছিলেন, যা শেষ পর্যন্ত তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কারণ হয়ে দাঁড়ায়। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানায়, যেন বাইরের রাজ্য থেকে বিক্ষোভকারীদের দিল্লিতে আসা নিশ্চিতভাবে ঠেকানো হয়।
এ ক্ষেত্রে মহারাষ্ট্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ সিজেপি নেতা অভিজিৎ দিপকের বাড়ি ওই রাজ্যে এবং সেখানে বামপন্থী সংগঠনগুলোর সক্রিয়তা রয়েছে। ৪ অক্টোবর মহারাষ্ট্রের ডিজিপির কার্যালয় থেকে সব পুলিশ ইউনিটে একটি গোপন চিঠি পাঠানো হয়, যাতে ১০ অক্টোবরের বিক্ষোভে যোগ দিতে ইচ্ছুক ব্যক্তিদের আটকানোর নির্দেশ ছিল। পুলিশের মহাপরিদর্শক (আইনশৃঙ্খলা) লক্ষ্মী গৌতম ওই চিঠিতে সই করেছিলেন।
যদিও ডিজিপির পক্ষ থেকে কাউকে সরাসরি আটকের নির্দেশ দেওয়া হয়নি, তবে বিভিন্ন পুলিশ ইউনিট বিক্ষোভকারীদের নোটিশ প্রদান করে। ৫ অক্টোবর অভিজিৎ দিপকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মহারাষ্ট্র পুলিশের সমালোচনা করেন। এদিকে মুম্বাই পুলিশ আরও এক ধাপ এগিয়ে শুক্রবার শহরের বিভিন্ন এলাকা থেকে ২০০-এর বেশি মানুষকে আটক করেছে, যাতে তাঁরা দিল্লির বিক্ষোভে যোগ দিতে না পারেন। মহারাষ্ট্র পুলিশ আইনের বিভিন্ন ধারায় এই ধরপাকড় চালানো হয়েছে বলে জানা গেছে।

