চাঁদপুর সদর উপজেলার পদ্মা-মেঘনা নদী এবং এর আশপাশের বিভিন্ন মাছঘাট এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত এই বিশেষ অভিযানে ৩০ কেজি ইলিশ মাছ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে চাঁদপুর সদর উপজেলার রনগোয়াল, দোকানঘর, বহরিয়া, হরিনা, আলুবাজার ফেরিঘাট খাল, আখনের ঘাট, নন্দী ঘাট, রাজরাজেশ্বর ও বড় স্টেশন মাছঘাট এলাকাগুলোতে তল্লাশি চালানো হয়। অভিযানে সদর উপজেলা মৎস্য বিভাগ, কোস্ট গার্ড এবং নৌ-পুলিশের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে বড় স্টেশন মাছঘাটের আড়তদার মো. সেলিম এবং মো. রফিককে ইলিশ মজুতের অপরাধে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সকাল ১০টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। তিনি জানান, জব্দ করা কারেন্টজাল ও ইলিশের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে জেলা ও উপজেলা টাস্কফোর্সের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

