ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহরজুড়ে প্রায় ২৫ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দিল্লির বিভিন্ন স্পর্শকাতর এলাকা, সীমান্ত, রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে ৪৫টি মেট্রো স্টেশনে প্রবেশ ও বেরোনোর পথ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাত থেকেই শহরজুড়ে ব্যাপক প্রস্তুতির চিত্র দেখা যায়। যন্তর মন্তরের চারপাশ ঘিরে ব্যারিকেড বসানো হয়েছে এবং শতাধিক ট্রেন বাতিল করা হয়েছে। মধ্য দিল্লির কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। শনিবার দিল্লির পরিস্থিতি যে আর পাঁচটা সাধারণ ছুটির দিনের মতো হবে না, সেই ইঙ্গিত শুক্রবার রাত থেকেই পাওয়া যাচ্ছিল।
যদিও দিল্লি পুলিশ সিজেপির এই বিক্ষোভের অনুমতি দেয়নি। প্রশাসনিক প্রক্রিয়া মেনে অনুমতি না নেওয়া, অতীতের আইনশৃঙ্খলাজনিত সমস্যা এবং বড় ধরনের জমায়েতের কারণে নিরাপত্তা ও যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কার কথা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অনুমতি না মিললেও সিজেপির এই বিক্ষোভ ঘিরে উত্তেজনা সহজে থামার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে।

