দিল্লিতে বিক্ষোভ ঘিরে ইন্টারনেট বন্ধ, মেট্রো ও ট্রেন চলাচলে বিধিনিষেধ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে শুক্রবার রাত ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য জনপথ ও কর্তব্য পথ ক্রসিংয়ের চার কিলোমিটার এলাকার মধ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এই সময়ের মধ্যে দিল্লির ৫৭টি মেট্রো স্টেশনে প্রবেশ ও বের হওয়ার পথে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং ৬০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ডেপুটি কমিশনার অব পুলিশের কার্যালয় থেকে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া, জিও ও এমটিএনএলকে এই নির্দেশনা দেওয়া হয়। টেলিযোগাযোগ আইন, ২০২৩-এর ২০(২)(বি) ধারা এবং টেলিযোগাযোগ পরিষেবা সাময়িক স্থগিতকরণ বিধিমালা, ২০২৪-এর ৩(১) বিধি অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা ৯ অক্টোবর রাত ১০টা থেকে ১০ অক্টোবর রাত ১০টা পর্যন্ত কার্যকর থাকবে। কনট প্লেস, মান্ডি হাউস, প্রগতি ময়দান, গুরুদুয়ারা বাংলা সাহেব, বারখাম্বা রোড, খান মার্কেট, লোদি রোড এবং জাংপুরার কিছু অংশ বা পুরো এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে।

এর আগে শুক্রবার রাত ৯টা থেকে রাজীব চক, নয়াদিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীর গেটসহ দিল্লির ৫৭টি মেট্রো স্টেশনে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া অন্য রাজ্য থেকে ছেড়ে আসা ৬০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে, যেগুলোর শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল।

এই বিধিনিষেধ আরোপের কয়েক ঘণ্টা আগেই ভারতের সুপ্রিম কোর্ট ট্রেন ও মেট্রো চলাচলে নিয়ন্ত্রণ আরোপের বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছিল। শুনানিতে আদালত বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণের অধিকার থাকলেও সবকিছু স্থবির করে দিয়ে মানুষকে গণপরিবহণের সুবিধা থেকে বঞ্চিত করা উচিত নয়। এর জবাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বিক্ষোভের অধিকারের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা করাও সরকারের দায়িত্ব। এর আগে জুলাই মাসে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভের সময়ও দেড় কিলোমিটার এলাকায় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল, যা এবার বাড়িয়ে চার কিলোমিটার করা হয়েছে।