বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষে নতুন করে ৭৯ খাতে ১২১ কোটি টাকার দুর্নীতি

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পণ্য ও সেবা খাতে একের পর এক দুর্নীতির চিত্র উন্মোচিত হচ্ছে। কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ের যৌথ নিরীক্ষা দলের দ্বিতীয় পর্বের প্রতিবেদনে এবার নতুন করে ৭৯টি খাতে ১২১ কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির তথ্য উঠে এসেছে। এর আগে প্রথম পর্বের প্রতিবেদনে ২৯টি খাতে ৩৪০ কোটি টাকার দুর্নীতির তথ্য সামনে এসেছিল। সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির মোট ১০৮টি খাতে আর্থিক অনিয়মের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬১ কোটি টাকা।

সম্প্রতি কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ের ১৬ সদস্যের একটি বিশেষ দল বিএমডিএর ২০২৪-২৫ অর্থবছরের বিভিন্ন খাতের আর্থিক লেনদেন ও কার্যাবলি নিরীক্ষা করে। চলতি মাসের শুরুর দিকে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মহাহিসাব নিয়ন্ত্রকের (সিএজি) দপ্তরে এই প্রতিবেদনটি জমা দেয়। প্রতিবেদনে দেখা গেছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের ১৬টি জেলায় বিএমডিএর আঞ্চলিক, জেলা ও উপজেলা কার্যালয়গুলোতে অবাধে এসব অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে। তবে ব্যাপক এই দুর্নীতির বিপরীতে এ পর্যন্ত মাত্র একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরীক্ষা প্রতিবেদনে উঠে আসা সুনির্দিষ্ট অনিয়মগুলোর মধ্যে রয়েছে অনুমোদন ও প্রাপ্যতা ছাড়াই কর্মকর্তাদের উচ্চতর বেতন গ্রেড প্রদান, যার মাধ্যমে এক বছরে ৯ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনিয়ম করা হয়েছে। এছাড়া, খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ প্রকল্পে পন্টুন মেরামতের কোনো খাত না থাকা সত্ত্বেও শ্রমিক মজুরি বাবদ ১২ লাখ ৮৯ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে। নাটোরের বড়াইগ্রামে বিএমডিএ কার্যালয় নির্মাণের জন্য বরাদ্দকৃত ২ কোটি ৭৫ লাখ টাকা থেকে ল্যাপটপ, কম্পিউটার, ফটোকপিয়ার ও আইসিএস কেনা বাবদ ৫০ লাখ ৫২ হাজার টাকা খরচ দেখানো হয়েছে। এই দুই খাতে মোট ৬৩ লাখ ৩১ হাজার টাকার অনিয়ম চিহ্নিত করেছে নিরীক্ষা দল। পাশাপাশি রাজশাহীর তানোর ও দিনাজপুরের বীরগঞ্জে নির্ধারিত কাজের বাইরে অতিরিক্ত ১৪ লাখ ৭৮ হাজার টাকা ব্যয় করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিএমডিএর অধিকাংশ টেন্ডার বা দরপত্রে পিপিআর-২০০৮-এর নিয়মাবলী লঙ্ঘন করা হয়েছে। তিনটি দরপত্র নিজেদের মতো মূল্যায়ন করে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার মাধ্যমে ১৪ কোটি ৯৮ লাখ টাকার অনিয়ম করা হয়েছে। তানোর ও বাগমারায় নিজস্ব পর্যাপ্ত মেকানিক থাকার পরও বাইরে থেকে মেকানিক এনে পাম্প মেরামতের নামে ১৪ লাখ ২৭ হাজার টাকা বিল তুলে নেওয়া হয়েছে, যাকে নিরীক্ষা দল সরাসরি দুর্নীতি হিসেবে উল্লেখ করেছে।

ঠাকুরগাঁও, দিনাজপুর ও জয়পুরহাটে দরপত্র নীতিমালার গুরুতর লঙ্ঘন করে একটি প্যাকেজ টেন্ডারকে নিয়মবহির্ভূতভাবে শত শত লটে ভাগ করে ঠিকাদারদের মাঝে বণ্টন করা হয়েছে, যেখানে সর্বোচ্চ ৫টি লটে ভাগ করার নিয়ম রয়েছে। এর ফলে সরকারের ২৯ কোটি ৭৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এছাড়া, সেচ প্রকল্পে ১ হাজার মিলিমিটার ডায়া-সংবলিত এইচডিপিই পাইপ সরবরাহ ও স্থাপনের দরপত্রে ১২ কোটি টাকার কাজের অভিজ্ঞতা থাকার শর্ত থাকলেও তা অমান্য করে আরএফএল প্লাস্টিককে ১৭ কোটি ৮৫ লাখ টাকার কার্যাদেশ দেওয়া হয়। নিরীক্ষা দল মন্তব্য করেছে, এই কাজের জন্য প্রতিষ্ঠানটি যোগ্যই ছিল না এবং এর সঙ্গে জড়িত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে পাইপ ও ফিটিং প্রকল্পের বিপরীতে মন্ত্রণালয় থেকে ৬৯ কোটি ৯২ লাখ ৫১ হাজার টাকা ছাড় করা হলেও সমাপনী হিসাবে সমপরিমাণ টাকা ব্যয় দেখানো হয়েছে। তবে প্রকল্প পরিচালক ৪ কোটি ১ লাখ টাকার কোনো বিল-ভাউচার দেখাতে পারেননি এবং এই টাকা সরকারি কোষাগারেও জমা হয়নি। অন্যদিকে, বিএমডিএর ভূগর্ভস্থ সেচনালা বর্ধিতকরণ প্রকল্পে বড় ধরনের অনিয়ম হয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে দরপত্রের মাধ্যমে অনভিজ্ঞ ঠিকাদারদের ৪০ কোটি ৮৮ লাখ টাকার কাজ ভাগ করে দেওয়া হয়েছে।

সংস্থার সেচ বিভাগ নিজস্ব নিয়োগপ্রাপ্ত সেচপাম্প অপারেটরদের বসিয়ে রেখে ভাড়া করা অপারেটরদের ভাতা বাবদ ২ কোটি ৪৬ লাখ টাকা অপচয় করেছে। সেচ পাম্প ক্রয়ে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৯০ লাখ টাকা এবং সরকারি নির্দেশনা অমান্য করে ট্রান্সফরমার কেনায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া হাইড্রোলিক এলিভেটেড ড্রাম নির্মাণ এবং পাইপ ও ফিটিং ক্রয়ে ৩ কোটি ৬৩ লাখ টাকার দুর্নীতি হয়েছে। নওগাঁর সাপাহার ও ধামুইরহাট এবং রাজশাহীর গোদাগাড়ীতে সেচ চার্জ আদায়ে অনিয়মের কারণে ক্ষতি হয়েছে ৮ কোটি ৫২ লাখ টাকা।

এই বিপুল দুর্নীতির মধ্যে সম্প্রতি ভুয়া ভাউচারে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পবা জোনের সহকারী মেকানিক মোতাহার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে পঞ্চগড়ে সংযুক্ত করার পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সবচেয়ে বেশি দুর্নীতি হওয়া সেচ বিভাগের তৎকালীন প্রধান এবং বিএমডিএর বর্তমান executive director মো. জাহাঙ্গীর আলম খান বলেন, নিরীক্ষায় উঠে আসা অভিযোগ ও আপত্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে। কিছু ক্ষেত্রে ইতোমধ্যে ব্যাখ্যা ও জবাব দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার পর প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন বলে দাবি করেন।