গাজীপুরে প্রাইভেটকার থামিয়ে বিকাশের ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধসহ আহত ৩

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটর ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর’-এর প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের হামলায় প্রতিষ্ঠানের একাউন্টস ম্যানেজার হিমেল গুলিবিদ্ধ হয়েছেন এবং প্রাইভেটকার চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হয়েছেন।

বিকাশের ডিস্ট্রিবিউটর ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর-এর ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে থাকে। শুক্রবার সব ব্যাংক বন্ধ থাকা এবং পোশাক কারখানার শ্রমিকদের বেতনের চাপের কারণে তারা নগদ টাকার তীব্র সংকটে পড়েন। এই সংকট মেটাতে বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর ‘হযরত আলী মুন্সী’কে বিকাশের ব্যালেন্স দিয়ে নগদ টাকা প্রাইভেটকারে করে শ্রীপুরে আনা হচ্ছিল।

টাকা বহনকারী প্রাইভেটকারটি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এরপর তারা চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ফেলে এবং একাউন্টস ম্যানেজারকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি ছোড়ে। গাড়িটিতে তিনটি প্লাস্টিকের বস্তায় মোট চার কোটি টাকা রাখা ছিল। দুর্বৃত্তরা সেখান থেকে তিনটি প্লাস্টিকের বস্তাই ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাদের ধারণা, প্রায় তিন কোটি টাকার মতো লুট করা হয়েছে।

গুলিবিদ্ধ একাউন্টস ম্যানেজার হিমেলকে প্রথমে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি আহতদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।