শাহজালালে যাত্রীর পায়ুপথ থেকে ১২৯০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে তিনটি ডিম্বাকৃতির পেস্ট আকারের স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। এসব স্বর্ণের পেস্ট এক যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো ছিল। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

তল্লাশির সময় ওই যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা কসটেপে মোড়ানো ৩টি ডিম্বাকৃতির পেস্ট আকারের স্বর্ণ পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১২৯০ গ্রাম। প্রতিটি পেস্টের ওজন ৪৩০ গ্রাম এবং স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট।

রাজস্ব বোর্ড জানিয়েছে, উদ্ধার করা এই ডিম্বাকৃতির পেস্টগুলো পরিশোধন করা হলে আনুমানিক ১ হাজার গ্রাম স্বর্ণ পাওয়া যেতে পারে। জব্দ করা এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা। ঢাকার প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।