বাংলাদেশের প্রতিটি নাগরিককে সমান দৃষ্টিতে দেখার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সরকার দেশের সব নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ছেলে ও মেয়েদের মধ্যে কোনো পার্থক্য না করে তাদের সমানভাবে মূল্যায়ন করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত ‘শিশু অধিকার দিবস-২০২৬’ এবং ‘বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি’ উদযাপনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে অর্থমন্ত্রী বলেন, যুদ্ধের প্রভাব এবং বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দেশ বর্তমানে একটি কঠিন অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তবে এই পরিস্থিতি কাটিয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, শিশুদের স্বার্থে আগামীর পথ নির্দেশনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, শিশুদের সৃজনশীলতা ও মেধার বিকাশ ঘটানোর জন্য একটি একাডেমির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ৫০ বছর পূর্তি উদযাপন করা বাংলাদেশ শিশু একাডেমি ভবিষ্যৎ প্রজন্মের রূপরেখা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
শিশুদের অভিভাবক ও মা-বাবাদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, সন্তানদের সাথে মা-বাবার পারস্পরিক যোগাযোগ অত্যন্ত জরুরি। তিনি বলেন, ছেলে-মেয়েরা যখন নানা বিষয়ে প্রশ্ন করে, তখন তাদের উত্তর দেওয়া উচিত। শিশুদের সব প্রশ্নের উত্তর জেনে নেওয়ার সুযোগ করে দিতে হবে, কারণ শিক্ষার প্রয়োজন অনুযায়ী তাদের গড়ে তোলা অপরিহার্য।
ভবিষ্যৎ বাংলাদেশের জন্য শিশুদের প্রস্তুতির ওপর জোর দিয়ে তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় ভালো করলেই হবে না; খেলাধুলা, অঙ্কন, সংগীত এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে গড়ে তুলতে হবে। এর মাধ্যমে শিশুদের ভেতর বাংলাদেশের সংস্কৃতির একটি শক্ত ভিত তৈরি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান এমপি উপস্থিত ছিলেন।

