অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাসমান পাড়ে নিজেদের প্রস্তুতি পর্ব শেষ করেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আগামীকাল শুক্রবার মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।
ম্যাচটি সামনে রেখে আজ বৃহস্পতিবার বাংলাদেশ নারী দলের প্রধান কোচ ডেভিড হেম্প প্রস্তুতি নিয়ে কথা বলেছেন। বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় হেম্প বলেন, অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সিরিজে প্রথমবার খেলছি, তাই প্রস্তুতি বেশ ভালো হয়েছে। একটি অনুশীলন ম্যাচ পাওয়ায় আমরা ভাগ্যবান। এছাড়া যেসব উইকেটে আমরা অনুশীলন করেছি, সেগুলো ছিল চমৎকার।
তবে বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলাটা যে বড় মানসিক চ্যালেঞ্জ, তা অকপটে স্বীকার করেছেন হেম্প। তিনি বলেন, আমরা এই সত্যটা লুকিয়ে রাখতে পারি না যে আমরা বিশ্বের সেরা নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলছি, যারা ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় সংস্করণেই এক নম্বর। তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানসিকভাবে সেটিকে জয় করা।
সিরিজ শেষে যেন কোনো আক্ষেপ না থাকে, সেটাই হেম্পের মূল লক্ষ্য। তিনি জানালেন, আমরা চাই না যে এক সপ্তাহ পর বাংলাদেশে ফিরে গিয়ে আমাদের আফসোস করতে হয় যে, ইস! আমরা যদি এভাবে খেলতাম বা ওভাবে খেলতাম।

