আগামী দুই মাসের মধ্যে সারাদেশে অন্তত ১ হাজার খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের প্রতিটি ইউনিয়নে শিশু-কিশোর ও তরুণদের জন্য একটি সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তিনি এই নির্দেশনা প্রদান করেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
ইউনিয়নভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণসংক্রান্ত এই সভায় প্রধানমন্ত্রী ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি করে খেলার মাঠ নিশ্চিত করার তাগিদ দেন। এরই ধারাবাহিকতায় আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ৪০টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ৯০টি মাঠকে খেলাধুলার উপযোগী করে নিয়মিত কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান।
উপ-প্রেস সচিব আরও জানান, নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিয়ে প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়নে অন্তত একটি খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে এই মাঠগুলো তৈরি করা হবে। ইতিমধ্যে ২৭টি জেলায় মাঠের জন্য ৪০৩টি খাসজমি চিহ্নিত করা হয়েছে। প্রতিটি মাঠের আয়তন হবে সর্বনিম্ন তিন থেকে সর্বোচ্চ আট বিঘা। এছাড়া মাঠের রক্ষণাবেক্ষণ ও নিয়মিত খেলাধুলা তদারকির জন্য প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই উদ্যোগের আওতায় ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টনসহ ১০টি ক্রীড়া ইভেন্টে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় এই বৃহৎ ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে একটি সুস্থ ও ক্রীড়াবান্ধব প্রজন্ম গড়ে তুলতে এবং বছরজুড়ে সাংস্কৃতিক ও খেলাধুলার পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সচিবালয়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবীব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়াও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই প্রশাসক যথাক্রমে শফিকুল ইসলাম খান ও আবদুস সালাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন বৈঠকে অংশ নেন।

