৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের নবীন কর্মকর্তাদের সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে নবীন কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে আয়োজিত এক দিকনির্দেশনামূলক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের বিভিন্ন ইউনিটে সদ্য পদায়িত সহকারী পুলিশ সুপারদের (এএসপি) যোগদানের আগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইজিপি বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পর বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে সামনে রেখে দায়িত্ব পালন করছে। এই পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশ পুলিশকেও একটি নতুন পথরেখা তৈরি করতে হয়েছে, যেখানে জনগণের প্রত্যাশা, মানবাধিকার রক্ষা এবং নারী, শিশু ও বয়স্ক নাগরিকদের প্রতি সংবেদনশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
নবীন পুলিশ কর্মকর্তাদের নতুন উদ্যম ও অঙ্গীকার নিয়ে কাজ করার তাগিদ দিয়ে মো. আলী হোসেন ফকির বলেন, প্রত্যেককে পুলিশ বাহিনীর একেকজন অ্যাম্বাসেডর বা প্রতিনিধি হিসেবে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং তাদের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন জটিল পরিস্থিতি ও চ্যালেঞ্জ মোকাবিলা করেই পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। পুলিশিং মূলত সেবা ও চ্যালেঞ্জের একটি সমন্বিত দায়িত্ব।
নবীন কর্মকর্তাদের ভবিষ্যৎ পুলিশ লিডার হিসেবে উল্লেখ করে আইজিপি আরও বলেন, নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের সবসময় প্রস্তুত রাখতে হবে এবং প্রতিনিয়ত নতুন জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে হবে। দায়িত্ব পালনের সময় সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে দেশের প্রচলিত আইন ও বিধিবিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং পেশাদারত্ব বজায় রাখতে হবে। জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলে তাদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে নবপদায়িত কয়েকজন কর্মকর্তা মাঠপর্যায়ে তাদের অর্জিত প্রশিক্ষণের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা সম্পূর্ণ পেশাদারত্ব বজায় রেখে জনগণের সেবার মাধ্যমে জনআস্থা অর্জনে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের দেশের মানুষের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মুশফেকুর রহমান, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান এবং অতিরিক্ত আইজি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) ও নবগঠিত সাইবার পুলিশ ইউনিটের প্রধান মো. ইকবাল হোসেনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআইজি (প্রশাসন) মো. হুমায়ুন কবীর।
উল্লেখ্য, ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচে মোট ৭২ জন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেছেন। তাদের মধ্যে ৬৬ জন পুরুষ ও ৬ জন নারী কর্মকর্তা রয়েছেন।
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

