সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে দেশটিতে বসবাসরত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নাগরিকদের নিরাপদ স্থানে বা ঘরে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার দূতাবাসের পক্ষ থেকে এক সতর্কবার্তায় বলা হয়, সৌদি আরবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের চারপাশের পরিস্থিতির ওপর নজর রাখতে হবে এবং অপ্রয়োজনে বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে হবে। এছাড়া স্থানীয় কর্তৃপক্ষের দেয়া নিরাপত্তা নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ইয়েমেনভিত্তিক হুতি গোষ্ঠী দীর্ঘ সময় ধরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এসব হামলার কারণে দেশটির আকাশপথে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রিয়াদ ও আবহা বিমানবন্দর লক্ষ্য করে চালানো সাম্প্রতিক হামলায় তিনজন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রিয়াদে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার পর এর ধ্বংসাবশেষ পড়ে একটি কিন্ডারগার্টেন ও চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইয়েমেনে বৈধ সরকারকে সমর্থনকারী জোট জানিয়েছে, তারা হুতিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যার মধ্যে দুটি রিয়াদ এবং একটি খামিস মুশাইতের দিকে ছোড়া হয়েছিল।
এই ক্রমবর্ধমান হামলার কারণে সৌদির আকাশ যোগাযোগ ব্যবস্থা বড় ধরনের চাপের মুখে পড়েছে। বিশেষ করে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইনও রিয়াদগামী বা রিয়াদ থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয় দূতাবাস নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার ওপর গুরুত্ব দিয়েছে।

