দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও কারিগরি মূল্যায়নে সরকার কাজ করছে। আগামী বছরই এই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে ‘রিথিংকিং ওয়াটার ফিচারস : ইয়ুথ লিডারশীপ, জাস্টিস অ্যান্ড কোঅপারেশন’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। সেখানে মন্ত্রী উল্লেখ করেন, শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট এবং বর্ষাকালে নদীভাঙন ও বন্যা তিস্তা নদীর অন্যতম বড় চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার এই প্রকল্পটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
সেমিনারে পানিসম্পদ মন্ত্রী পানিকে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র হিসেবে গড়ে তোলার এবং দেশের যুবসমাজকে এই শক্তিরূপে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের পানির ভবিষ্যৎ সুরক্ষিত করতে হলে পানি কূটনীতি, অববাহিকাভিত্তিক সহযোগিতা, জলবায়ু সহনশীলতা, অংশগ্রহণমূলক পানি ব্যবস্থাপনা এবং প্রজন্মগত ন্যায়বিচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
বাংলাদেশ একটি নদীমাতৃক বদ্বীপ এবং নিম্ন অববাহিকার দেশ হিসেবে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় সহযোগিতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি জানান, ভারতের পাশাপাশি নেপাল, ভুটান ও চীনের সঙ্গে বাংলাদেশকে সংযুক্ত করেছে ৫৭টি আন্তঃসীমান্ত নদী। জলবায়ু পরিবর্তনের ফলে বর্ষায় অতিরিক্ত পানি এবং শুষ্ক মৌসুমে পানি সংকটের মতো দ্বিমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে দেশ। এর সঙ্গে বন্যা, নদীভাঙন, লবণাক্ততা, জলাবদ্ধতা ও খরা সরাসরি সম্পর্কিত। তাই প্রচলিত পানি ব্যবস্থাপনার পাশাপাশি পানি কূটনীতি ও আন্তঃসীমান্ত সহযোগিতাকে আরও জোরদার করার তাগিদ দেন তিনি।
গঙ্গা পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, চুক্তি নবায়নের ক্ষেত্রে শুধু পানির পরিমাণ নয়, বরং পানি প্রবাহের সময়, এর পরিবর্তনশীলতা, পলি, বন্যা ব্যবস্থাপনা, নদীর প্রতিবেশ এবং নদীনির্ভর মানুষের জীবিকাকেও বিবেচনায় নিতে হবে। যথাসময়ে গ্যারান্টি ক্লজ যুক্ত করে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান তিনি।

