দাম্পত্য জীবন সুখময় করার উপায় ও ইসলামি নির্দেশনা

বিয়ে হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নত। পৃথিবীর সব নবী-রাসুলই বিয়ে করেছেন। বিয়ের মাধ্যমে সমাজে শৃঙ্খলা বজায় থাকে, সমাজ সুন্দর হয় এবং আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি পায়। এটি মানুষের উত্তম উপায়ে পৃথিবীতে আসার সুযোগ সৃষ্টি করে। বর্তমানে বিয়েবহির্ভূত সম্পর্কের হার পাল্লা দিয়ে বাড়ছে, তাই আমাদের এখনই ভাবতে হবে আমরা সংসার ভাঙব নাকি দাম্পত্য জীবনকে উপভোগ্য করে সুখী হওয়ার পথে হাঁটব। কোরআনে আল্লাহতায়ালা বলেন, 'আর তাঁর নিদর্শনাবলির মধ্যে একটি নিদর্শন হচ্ছে, তিনি তোমাদের জন্য স্ত্রীদের সৃষ্টি করেছেন তোমাদের থেকেই; যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পার। আর তোমাদের পরস্পরের মধ্যে দিয়েছেন ভালোবাসা, দয়া ও রহমত।' ইসলাম নারী তথা স্ত্রী জাতি সৃষ্টির একটি কারণ উল্লেখ করেছে স্বামীর মানসিক প্রশান্তির জন্য, যার মধ্যে সুখ ও ভালোবাসা নিহিত। দাম্পত্য জীবনে সুখী হতে হলে কিছু বিষয় পরিহার করতে হবে এবং কিছু করণীয় পালন করতে হবে।

দাম্পত্য জীবনে সুখের জন্য একে অপরকে সময় দেওয়া অত্যন্ত জরুরি। অনেক সময় একই ছাদের নিচে থেকেও স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গে কথা বলেন না, অফিসের কাজ বা নেট ব্যবহারে ব্যস্ত থাকেন। আবার সংসারের দায়িত্ব পালন করতে গিয়েও অনেকে সময় পান না। সকালের নাশতা তৈরি, সন্তানকে সময় দেওয়া, ঘর গোছানো, কাপড় ধোয়া ও দুপুরের রান্নার মতো কাজে ব্যস্ত থেকে দিন শেষে রাত হয়ে যায়। এমন সংসারে সুখ-শান্তি আসা কঠিন, বরং পারস্পরিক বোরিং ফিল থেকে সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দূরত্ব কমিয়ে একে অপরকে সময় দেওয়া প্রয়োজন।

সাজসজ্জার ক্ষেত্রে কৃপণতা করা উচিত নয়। আজকাল অনেক নারীই স্বামীর অনুগত হতে বা ঘরে সাজগোজ করতে অনীহা পোষণ করেন, যা কাম্য নয়। অনেকে বাইরে বের হওয়ার সময় সাজসজ্জায় কার্পণ্য না করলেও ঘরে সাদামাটা থাকেন, যা সংসারে অশান্তি তৈরি করতে পারে। স্বামীর পছন্দের প্রতি গুরুত্বারোপ করা এবং পরিপাটি থাকা জরুরি। যদিও কর্মব্যস্ত জীবনে নারীরা বাড়তি সময় পান না, তবুও এ বিষয়ের প্রতি যত্নবান হওয়ার বিকল্প নেই।

বিবাহিত জীবনে স্বামী-স্ত্রীর দায়িত্ব, সম্মান ও শ্রদ্ধাবোধ থাকা আবশ্যক। একজন আদর্শ স্ত্রীর দায়িত্ব স্বামীর অনুগত হওয়া এবং তার সেবাযত্নের প্রতি গুরুত্ব দেওয়া। অতীতে এ বিষয়গুলো চর্চা হলেও বর্তমানে স্বামীর সেবাযত্নকে দাসত্বের তকমা দিয়ে এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, অথচ এই নারীই কর্মক্ষেত্রে পরপুরুষের জন্য শ্রম দিচ্ছেন। একইভাবে একজন আদর্শ স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর ভরণপোষণসহ যাবতীয় প্রয়োজন সাধ্যমতো পূরণ করা। এভাবেই পরস্পরের মধ্যে সম্মান ও শ্রদ্ধাবোধ তৈরি হয়।

বিয়ে করার ক্ষেত্রে শুধু অর্থসম্পদ দেখে বিয়ে করা উচিত নয়। অনেক সময় ধনাঢ্য পরিবারের মেয়েরা সংসার সম্পর্কে অনীহা বা উচ্চাকাঙ্ক্ষা লালন করেন, ফলে অল্প অর্থসম্পদের অধিকারী স্বামী সুখী হতে পারেন না। বিখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে নবীজি (সা.) বলেন, নারীদের চারটি গুণ দেখে বিয়ে করা হয়—মাল সম্পদ, বংশ গৌরব, সৌন্দর্য এবং ধার্মিকতা। তুমি ধার্মিক নারীকে বিবাহ করে ধন্য হও।

স্বামীর অবাধ্য না হওয়া একজন নারীর জন্য আবশ্যক। রাসুল (সা.) বলেছেন, আমি যদি কাউকে সিজদা দিতে আদেশ করতাম, তবে স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। এমনকি স্ত্রী চুলায় রান্নার কাজে ব্যস্ত থাকলেও স্বামীর ডাকে সাড়া দেওয়া তার কর্তব্য। এছাড়া কর্মস্থলে পর নারী বা পুরুষের সঙ্গে অবাধ মেলামেশার অভ্যাস গড়ে তোলা এবং পরকীয়ায় আসক্ত হওয়া দাম্পত্য জীবনকে বিষাদময় করে তোলে। তাই সুখের সংসারে অশান্তির দাবানল থেকে বাঁচতে একে অপরের প্রতি আনুগত্য ও বিশ্বাস বজায় রাখা জরুরি।