হন্ডুরাসে ফিরলেন সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ, অপেক্ষায় আইনি লড়াই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ক্ষমা পাওয়ার আট মাস পর নিজ দেশ হন্ডুরাসে ফিরে এসেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। মাদক ও অস্ত্র পাচারের দায়ে যুক্তরাষ্ট্রে ৪৫ বছরের কারাদণ্ড ভোগ করার সময় তিনি এই ক্ষমা লাভ করেন।

রোববার ২৬ জুলাই ব্যক্তিগত একটি বিমানে রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পালমেরোলা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ৫৭ বছর বয়সি হার্নান্দেজ। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান তার স্ত্রী আনা গার্সিয়া, মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা। এছাড়া বিমানবন্দরের বাইরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দলীয় শত শত সমর্থক। বিমানবন্দর থেকে বেরিয়ে হার্নান্দেজ ও তার পরিবারের সদস্যরা হাঁটু গেড়ে প্রার্থনা করেন। এরপর তিনি আরেকটি ফ্লাইটে তেগুসিগালপার টনকন্টিন বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।

হার্নান্দেজ ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে হন্ডুরাসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী আনা গার্সিয়া ২০২৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, তবে তিনি বর্তমান প্রেসিডেন্ট নাসরি আসফুরার কাছে পরাজিত হন।

দেশে ফেরার পর তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়নি, কারণ চলতি বছরের জুনে তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত করা হয়েছে। তবে আইনি জটিলতা শেষ হয়নি; আগামী ৩ আগস্ট প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগে তাকে আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হার্নান্দেজ জানান, তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ খারিজের আবেদন করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, নিজের দেশে ফেরার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন এবং পরিবারের সঙ্গে দেখা করার জন্য তিনি দিন গুনছিলেন। কারাগারে কাটানো সময়কে তিনি অত্যন্ত কঠিন হিসেবে বর্ণনা করে বলেন, এমন অভিজ্ঞতা তিনি কারও জন্য কামনা করেন না।

হার্নান্দেজের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে তেগুসিগালপায় গ্রেফতারের মাধ্যমে। একই বছরের এপ্রিলে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় এবং ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের একটি আদালত তাকে মাদক ও অস্ত্র পাচারের দায়ে ৪৫ বছরের কারাদণ্ড দেয়। তবে তিনি শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এছাড়া ‘প্যান্ডোরা টু’ নামক দুর্নীতি তদন্তে হার্নান্দেজের বিরুদ্ধে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে রাজনৈতিক প্রচারণায় প্রায় ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার রাষ্ট্রীয় তহবিল আত্মসাতের অভিযোগ রয়েছে। বলা হচ্ছে, এই অর্থের একটি অংশ তার প্রথম প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারণায় ব্যয় করা হয়েছিল। তবে একই তদন্তে জড়িত সাবেক প্রেসিডেন্ট পোরফিরিও লোবো ও সাবেক অর্থমন্ত্রী উইলফ্রেডো সেরাতোর বিরুদ্ধে আনা অভিযোগ ইতিমধ্যে খারিজ হয়ে গেছে।