গাজীপুরের টঙ্গীতে অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সক্রিয় হয়ে উঠেছে তরুণদের একটি নিজস্ব দল। ‘বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশন’ নামের এই সংগঠনের সদস্যরা নির্দিষ্ট পোশাক পরে এবং হাতে লাঠিসোঁটা নিয়ে টহল ও অভিযান পরিচালনা করছেন। তবে পুলিশের কাজ সাধারণ মানুষের হাতে চলে যাওয়া এবং সন্দেহভাজনদের ধরে ফেসবুকে ভিডিও প্রচার করা নিয়ে স্থানীয় বাসিন্দা ও অপরাধ বিশেষজ্ঞদের মধ্যে নানা বিতর্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ আনোয়ার ওরফে ‘ব্লেড আনোয়ার’ নামের এক ব্যক্তিকে আটকে রেখেছেন। ভিডিওতে আনোয়ারকে টঙ্গীর ছিনতাইকারীদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘টঙ্গীতে কেউ ছিনতাই করতে আইবেন না। মাইর্যা হাড্ডি ভাইঙ্যা ফ্যালাইবো।’ ক্যামেরার বাইরে থেকে কে ভাঙবে জানতে চাইলে তিনি উত্তর দেন, ‘পাবলিক।’ এরপর তরুণেরা তাকে ‘বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশন’ সংগঠনের নাম বলতে বলেন। গত ১৬ আগস্টের এই ঘটনার পর সংগঠনটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশনের কেন্দ্রীয় আহ্বায়ক ফাহাদ ইসলাম টঙ্গী সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি জানান, মূলত ছিনতাই ও মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের হাতেনাতে ধরে তারা পুলিশের কাছে সোপর্দ করেন। টঙ্গী এলাকায় তাদের দলে ২৫০ জন সদস্য কাজ করছেন এবং সদস্য হতে আরও প্রায় ৭০০টি জীবনবৃত্তান্ত (সিভি) জমা পড়েছে। ফেসবুক পেজে ৫৪ হাজার অনুসারী থাকা এই দলটি নিয়মিত অপরাধী ধরার ভিডিও দেয়, যা হাজার হাজার মানুষ দেখেন। কখনো কখনো পুলিশের সঙ্গেও এই পোশাক পরিহিত তরুণদের দেখা যায়। তবে ছিনতাইকারী সন্দেহে মারধর ও অপমানজনক শাস্তি দেওয়ার ঘটনাও ঘটে থাকে।
বেসরকারি উদ্যোগে এভাবে দল গঠন করে অপরাধ দমনের প্রক্রিয়াকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ওমর ফারুক বলেন, বেসরকারি উদ্যোগে দল গঠন করে অপরাধ দমন গ্রহণযোগ্য নয়। এ ধরনের চেষ্টা বহুমুখী অপরাধের জন্ম দিতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দলের কেউ যদি কারও কাছে চাঁদা দাবি করে এবং তা না পেয়ে তাকে মাদক ব্যবসায়ী তকমা দিয়ে মারধর করে পুলিশে দেয়, তবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। তা ছাড়া কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করে ভিডিও প্রচার করাও আইনত অপরাধ।
গুগল ম্যাপ অনুযায়ী, গাজীপুরের টঙ্গী এলাকাটি প্রায় চার কিলোমিটার দূরত্বে অবস্থিত টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম—এই দুই থানার আওতাধীন। এক উপজেলায় দুটি থানা থাকার পরও অপরাধ দমনে পুলিশের সফলতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। টঙ্গী পূর্ব থানা সূত্রে জানা গেছে, গত বছরের জুন থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত সেখানে ছিনতাই, ছিনতাইচেষ্টা ও ডাকাতির ৭১টি মামলা হয়েছে এবং ৭০২ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে টঙ্গী পশ্চিম থানায় একই সময়ে ছিনতাই ও ডাকাতিচেষ্টার ৭২টি মামলা রেকর্ড করে ৪২৫ জনকে আটক করা হয়েছে। তবে ভুক্তভোগীরা ঝামেলা এড়াতে বেশির ভাগ সময় মামলা না করায় বা পুলিশ শুধু জিডি হিসেবে নথিভুক্ত করায় অপরাধের প্রকৃত চিত্র এই পরিসংখ্যানে উঠে আসে না।
টঙ্গীর স্টেশন রোড, হোসেন মার্কেট, কলেজ গেট, আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড, সাতাইশ, কেরানীরটেক ও হাজী মাজার বস্তিসহ বেশ কিছু এলাকায় সন্ধ্যা ও রাতে ছিনতাইকারীদের তৎপরতা বেশি থাকে। গত ২৬ আগস্ট রাত সাড়ে তিনটার দিকে সাতাইশ এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ রুসেল খালার মৃত্যুর খবর পেয়ে পরিবারসহ রংপুরের উদ্দেশ্যে রওনা হন। বাসের অপেক্ষায় থাকার সময় কাপড় দিয়ে মুখ ঢাকা তিনজন ব্যক্তি ধারালো অস্ত্র ঠেকিয়ে তাদের দুটি মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরদিন টঙ্গী পশ্চিম থানায় মামলা করলেও এখন পর্যন্ত কোনো মালামাল উদ্ধার বা আসামি গ্রেপ্তার হয়নি বলে জানান রুসেল।
অবশ্য টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম দাবি করেছেন, এলাকায় ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ কমে এসেছে এবং তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশনের উদ্যোক্তারা জানান, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর সংগঠনটি আত্মপ্রকাশ করে। এ পর্যন্ত তারা প্রায় ২৫০ জন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীকে আটকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। সংগঠনটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সবুজ উদ্দিন ইকবাল বলেন, ‘আমাদের সোর্সরা অপরাধের তথ্য দিলে আমরা সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করি। পুলিশও আমাদের মেসেজ দেয়, অমুক এলাকায় অপরাধ বেড়েছে, আমরা যেন টহল দিই।’ মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা এই কাজ করছেন বলে দাবি করেন। তিনি আরও জানান, গাজীপুর মহানগর পুলিশের কয়েকজন কর্মকর্তাসহ তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এস এম শফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করা মূলত পুলিশের কাজ হলেও এতে জনগণের সচেতনতা ও সহায়তা প্রয়োজন। জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন কাজ। পুলিশ নিয়মিত তাদের দায়িত্ব পালন ও অভিযান অব্যাহত রেখেছে।

