হুথিদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে সৌদির পাশে সিরিয়া

ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা দিয়েছে সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে হুথিদের এই হামলার ‘কঠোরতম ভাষায়’ নিন্দা প্রকাশ করেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ইরানের সমর্থনপুষ্ট এই সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা এবং বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা আন্তর্জাতিক আইন ও সংশ্লিষ্ট বিধিবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এটি সৌদি আরবের নিরাপত্তা এবং সামগ্রিকভাবে পুরো অঞ্চলের জন্য একটি সরাসরি হুমকি। সিরিয়া সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করেছে এবং দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা এবং ভূখণ্ডে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া যেকোনো বৈধ পদক্ষেপের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ও বুধবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের আবহা ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে দুজন নারী ছিলেন। এই হামলায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা চলতি সপ্তাহে রিয়াদে সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এই উচ্চপর্যায়ের আলোচনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও (এমবিএস) উপস্থিত ছিলেন। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম বিভাগ এক্স-এ জানিয়েছে, বুধবারের ওই আলোচনায় পুনর্গঠন, জ্বালানি, কৃষি ও বাণিজ্যের মতো বাস্তবভিত্তিক সহযোগিতার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।